অভয়নগরে মা সমাবেশ
যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী এসটি স্কুল অ্যান্ড কলেজে সোমবার উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সরেজমিনে দেখা গেছে, সারি বেঁধে সাতটি স্টল। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটি শ্রেণীর একটি করে স্টল। স্টলগুলোর আলাদা আলাদা নাম। স্টলগুলোতে শোভা পাচ্ছে আঁকা ছবি, মাটির তৈরি ভাস্কর্যসহ নানা শিক্ষা উপকরণ। শিক্ষার্থী, আগত মা ও অতিথিরা ঘুরে দেখছেন শিক্ষা উপকরণসজ্জিত এসব স্টল। তার একটু দূরে মঞ্চ। মঞ্চের সামনে বসে আছেন দুই শতাধিক মা, অতিথিদের বক্তব্য শুনছেন। মাঝেমধ্যে নিজেরাই মঞ্চে গিয়ে নানা রকম পরামর্শ দিচ্ছেন। বক্তব্যের ফাঁকে ফাঁকে চলছে শিক্ষার্থীদের নাচ, গান ও কবিতা আবৃত্তি। উৎসবের আমেজ সর্বত্র। শেষে সবাই খিচুড়ি খেয়ে ফিরেছেন নিজ নিজ বাড়ি। অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস রাসেল হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আরও বেশি বেশি এ ধরনের অনুষ্ঠন করা দরকার।’ সুন্দলী এসটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ বলেন, ‘এ উদ্যোগ অব্যাহত রাখা হবে।’