অভয়নগরে মাসুদ আলম হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকা থেকে গত সোমবার রাতে পুলিশ হান্নান মোল্যা (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
হান্নান দুটি হত্যা ও প্রথম আলোর উপজেলা প্রতিনিধি মাসুদ আলম হত্যাচেষ্টাসহ সাতটি মামলার আসামি।
পুলিশ সূত্র জানায়, হান্নানের বাড়ি উপজেলার ধোপাদী গ্রামে। তিনি সোমবার রাত আটটার দিকে নওয়াপাড়া বাজার এলাকায় অবস্থান করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দীন বলেন, হান্নান দুর্ধর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে দুটি হত্যা, একটি হত্যাচেষ্টাসহ সাতটি মামলা রয়েছে।
এলাকাবাসী সূত্র জানায়, সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি-২) আওতায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিহ্রাস প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগ নিয়ে মাসুদ আলমের একটি অনুসন্ধানী প্রতিবেদন ২০১৩ সালের ২০ মার্চ প্রথম আলোয় প্রকাশিত হয়। এর জের ধরে সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক পরিতোষ কুমার বিশ্বাস ওই বছরের ২৮ মার্চ মাসুদ আলমের ওপর সন্ত্রাসী লেলিয়ে দেন। সন্ত্রাসীরা ধোপাদী গ্রামের উলুরবটতলা এলাকায় মাসুদ আলমকে বেদম মারধর করে তাঁর বাঁ হাত ও বাঁ পা ভেঙে দেয়। পরদিন এলাকার বিক্ষুব্ধ জনতা তাড়া করে হান্নানকে ধরে পা ভেঙে দেন।
থানা-পুলিশ সূত্র জানায়, ঘটনার পরদিন ২০১৩ সালের ২৯ মার্চ চেয়ারম্যান পরিতোষ কুমার বিশ্বাসকে প্রধান আসামি এবং আবু সুফিয়ান ফকির, হান্নান মোল্যা ও তাঁদের সহযোগীদের আসামি করে মাসুদ আলমের বড় ভাই নূর আলম অভয়নগর থানায় মামলা করেন। প্রথমে অভয়নগর থানা-পুলিশ মামলাটি তদন্ত করে। ২৮ এপ্রিল মামলাটির তদন্তভার যশোর গোয়েন্দা পুলিশের ওপর ন্যস্ত করা হয়। যশোর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুনসী আবু কুদ্দুছ মামলাটি তদন্ত করে পরিতোষ কুমার বিশ্বাস, আবু সুফিয়ান ফকির, হান্নান মোল্যা ও তাঁর সহযোগীদের অভিযুক্ত করে ২০১৩ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।
এ ছাড়া ২০১৪ সালের ২৫ মার্চ ব্যবসায়ী আবদুল হালিম শেখ ও ২০১১ সালের ৯ মার্চ যুবলীগ কর্মী হুমায়ুন কবির ওরফে খোকন সন্ত্রাসীদের হাতে খুন হন। হান্নান ওই দুটি মামলারও আসামি।