অভয়নগরে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
যশোরের অভয়নগর উপজেলার চাঁপাতলা গ্রামে আজ শুক্রবার ভোরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছে। ভোর সাড়ে চারটার দিকে চাঁপাতলা গ্রামের শালবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের একটি গুলি, একটি শাটারগান ও দুটি গুলি উদ্ধার করেছে র্যাব।
নিহত ব্যক্তির নাম মেজবাউর রহমান (৩৮)। তিনি উপজেলার মাগুরা গ্রামের রমজান আলীর ছেলে। র্যাবের ভাষ্য, নিহত মেজবাউর সন্ত্রাসী মেজবাহ বাহিনীর প্রধান ছিলেন।
প্রথম আলোকে দেওয়া র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মো. মোজাম্মেল হকের ভাষ্য, আজ ভোরে শালবাগানে নিজ বাহিনীর সদস্যদের নিয়ে গোপন বৈঠক করছিলেন মেজবাউর। বৈঠকে নাশকতার পরিকল্পনা, সংখ্যালঘুদের ওপর হামলা ও আসন্ন উপজেলা নির্বাচন বানচালের ব্যাপারে আলোচনা চলে। এ সময় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে র্যাব-৬-এর অধিনায়ক এনামুল আরেফিন সুমনের নেতৃত্বে র্যাবের সদস্যরা সেখানে অভিযান চালান। তাঁদের উপস্থিতি টের পেয়ে মেজবাউর বাহিনীর সদস্যরা তাঁদের লক্ষ্য করে উল্টোদিক থেকে অতর্কিত গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে মেজবাউর নিহত হন। অন্যরা পালিয়ে যায়।
র্যাব সূত্র আরও জানায়, নিহত মেজবাউর উপজেলার মাগুরা গ্রামের আওয়ামী লীগের নেতা চৈতন্য কুমার মণ্ডল ওরফে মধু (৪৮) হত্যা মামলার প্রধান আসামি। তাঁর বিরুদ্ধে অভয়নগর, মনিরামপুর, কোতোয়ালি ও বাঘারপাড়া থানায় হত্যা, হত্যার প্রচেষ্টা, ডাকাতিসহ মোট ১০টি মামলা রয়েছে।
গত ২৬ জানুয়ারি হত্যা করে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক চৈতন্য কুমার মণ্ডল ওরফে মধুকে কুপিয়ে ও বোমা মেরে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তাঁর লাশ আগুনে পুড়িয়ে ফেলা হয়। নিহত চৈতন্য কুমার মণ্ডল পেশায় পল্লি চিকিত্সক ছিলেন।