বাড়ন্ত গাছ। লকলকে কাণ্ড। তাতে ঝুলে আছে ফুল। কিন্তু শসার দেখা নেই। মাঠের পর মাঠ একই চিত্র। শসা চাষ করে লোকসানে পড়েছেন যশোরের অভয়নগর উপজেলার অন্তত ১০০ কৃষক।
গত সোম ও গতকাল মঙ্গলবার উপজেলার বগুড়াতলা, বুনোরামনগর, শংকরপাশা ও কোদলার বিলে গিয়ে দেখা যায়, খেতের পর খেত ঢেকে আছে সবুজে। বাঁশের তৈরি কাঠির সঙ্গে সুতো বেঁধে তৈরি করা হয়েছে মাচা। এই মাচা শসার গাছে ভরা। অনেক কাণ্ডে ঝুলছে হলুদ ফুল। কিন্তু কোনো শসা নেই।
চাষিদের অনেকে বলেন, তাঁরা উপজেলা সদরের নওয়াপাড়া বাজারের মধুমতি বীজ ভান্ডার, ইকরাম সিড স্টোর ও লিজা ট্রেডার্স থেকে ভারতীয় বীজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিউ আমতলা মিউজিয়ামের শসার বীজ কিনে খেতে লাগিয়েছেন। সবচেয়ে বেশি বীজ কিনেছেন তাঁরা মধুমতি বীজ ভান্ডার থেকে। গত বছর ২৫ গ্রাম বীজের প্যাকেটের দাম ছিল ১৫০-১৭৫ টাকা। এবার তা বিক্রি হয়েছে ৩৮০-৪০০ টাকায়। তাঁরা আরও বলেন, বীজ লাগানোর ২৮-৩০ দিনের মধ্যে গাছে ফুল আসে এবং ৩৪ দিন পর থেকে ফল পাওয়া যায়। যথাসময়ে ফুল এসেছে। কিন্তু বেশির ভাগ গাছের বয়স ৪০ দিন পার হলেও কোনো ফল আসেনি। শসা চাষ করে এ উপজেলার প্রায় ১০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বগুড়াতলা গ্রামের কৃষক রউফ গাজী বলেন, ‘এক বিঘা জমিতে শসা চাষ করেছি। এ পর্যন্ত খরচ প্রায় ২৫ হাজার টাকা। গাছে অনেক ফুল আছে। কিন্তু একটাও ফল ধরেনি।’ একই গ্রামের তবিবর রহমান গাজী বলেন, ‘সাড়ে ১৩ কাঠা জমিতে শসা লাগিয়েছি। ১৬ হাজার টাকা খরচ হয়েছে। গাছে কোনো শসা নেই। ফলন ভালো হলে এ মৌসুমে শসা বিক্রি করে অন্তত ৪০ হাজার টাকা পাওয়া যেত।’
বগুড়াতলা গ্রামের আরেক কৃষক জাহিদ হোসেন বলেন, ‘বন্ধক নিয়ে আট কাঠা জমিতে শসা চাষ করে ক্ষতিগ্রস্ত হয়েছি। বিষয়টি কৃষি কর্মকর্তাদের জানানোর পর বীজ বিক্রেতারা আমাদের ডেকে নিয়ে প্যাকেটপ্রতি ১ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে চেয়েছেন।’
বুনোরামনগর গ্রামের ইয়ার আলী ফকির বলেন, ‘লিজা ট্রেডার্স থেকে বীজ কিনে এবার এক বিঘা জমিতে শসা চাষ করেছি। এ পর্যন্ত এক টাকাও বিক্রি করতে পারিনি। ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছি।’ একই গ্রামের জাফর আলী গাজী বলেন, ‘১৫ কাঠা জমিতে শসা চাষ করতে আমার ১৮ হাজার টাকার মতো খরচ হয়েছে। ভেবেছিলাম রোজার সময় শসা বিক্রি করে ভালো টাকা পাব। এখন শসার দাম ভালো আছে। কিন্তু খেতে কোনো শসা নেই।’
মধুমতি বীজ ভান্ডারের মালিক মো. সোহাগ শেখ বলেন, ‘তিন বছর ধরে ভারতীয় নিউ আমতলা মিউজিয়ামের শসার বীজ বিক্রি করছি। ফলন ভালো হওয়ায় এ বীজের প্রতি কৃষকের ব্যাপক আগ্রহ ছিল। এ বছর বিক্রিও হয়েছে ভালো। এখন কৃষক অভিযোগ করছেন ফলন হচ্ছে না।’ তিনি বলেন, গত সোমবার বগুড়াতলা গ্রামের ক্ষতিগ্রস্ত নয়জন কৃষকের সঙ্গে বৈঠক হয়েছে। কৃষি কর্মকর্তাদের নির্দেশনামতো কিছু পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। প্রতি প্যাকেট বীজে কৃষকেরা ১ হাজার টাকা পাবেন। বাকিদেরও ক্ষতিপূরণ দেওয়া হবে।
লিজা ট্রেডার্সের মালিক এম এ হাকিম বলেন, ‘জাতের সমস্যার কারণে শসাগাছে ফুল হচ্ছে, ফল হচ্ছে না। বিষয়টি নিয়ে আমরাও চিন্তিত। ক্ষতিগ্রস্ত চাষিদের
সামান্য ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সামদানী বলেন, ‘শসার জাতটি ভালো নয়, জংলি জাত। এই ধরনের জাতে শসাগাছে ফুল হয়, কিন্তু ফলন হয় না। মূলত এটি জিনগত সমস্যা। উপসহকারী কৃষি কর্মকর্তারা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত শসাখেত পরিদর্শন করেছেন। বীজ বিক্রেতাদের বলেছি কৃষককে ক্ষতিপূরণ দিতে। তাঁরা কৃষকদের সঙ্গে বৈঠক করে ক্ষতিপূরণ নির্ধারণ করেছেন। বিষয়টির ওপর নজর রাখছি।’