অভয়নগরে শিক্ষক সমিতির বই-বাণিজ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও নবম শ্রেণীতে অধ্যয়নরত ছেলের সহায়ক বই (বাংলা ব্যাকরণ ও ইংরেজি গ্রামার) কিনতে পারেননি যশোরের অভয়নগর উপজেলার মাগুরা গ্রামের দিনমজুর লুৎফর রহমান। তিনি বলেন, ‘ক্লাস সিক্স থেকে শুরু করে প্রত্যেক বছর ছেলের জন্যি বাংলা ও ইংরেজি গ্রামার কিনতিছি। এ বছর টাকার অভাবে এখনো বই কিনতি পারিনি।’খোঁজ নিয়ে জানা গেছে, অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর আটটি সহায়ক বই পরিবর্তন করে এবার নতুন বই মনোনীত করেছে। কিন্তু এর একটি বইও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অনুমোদিত নয়। এনসিটিবি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বেসরকারি আটটি প্রকাশনীর বাংলা ব্যাকরণ ও ইংরেজি গ্রামারের তালিকা প্রতিটি বিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছে। ওই তালিকায় একটি নির্দেশনা দেওয়া আছে। কিন্তু উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ওই নির্দেশনা মানেনি। সমিতি ‘অনুদান’ হিসেবে তিনটি প্রকাশনীর কাছ থেকে প্রায় আট লাখ টাকা নিয়ে ৫৬টি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের জন্য আটটি সহায়ক বই পাঠ্য তালিকাভুক্ত করেছে। প্রকাশনী তিনটি হলো: অনির্বাণ প্রকাশন, জননী পাবলিকেশন্স ও বুকম্যান প্রিন্টার্স অ্যান্ড পাবলিশার্স।অনির্বাণ প্রকাশনের যশোর অঞ্চলের প্রতিনিধি আশরাফ হোসেন বলেন, ‘অভয়নগর শিক্ষক সমিতি এবার আমার চারটি ও হাসান বুক ডিপোর (জননী পাবলিকেশন্স ও বুকম্যান প্রিন্টার্স অ্যান্ড পাবলিশার্স) চারটি বই পাঠ্য করেছে। সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে আমরা তাঁদের অনুদান দিয়েছি। এর সুফল শিক্ষকেরা পাবেন। বইয়ের দামও বেশি নির্ধারণ করা হয়নি।’ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং কোদলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুলাল তহবিলদার বলেন, ‘দক্ষ শিক্ষকদের দিয়ে বইগুলো বাছাই করা হয়েছে। মূলত ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এ কাজ করা হয়েছে। প্রকাশকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে বইয়ের নির্ধারিত দামের ওপর ১০ শতাংশ কমিশন দেওয়া হয়েছে। প্রকাশকেরা আমাদের কিছু অনুদান দিয়েছেন। তবে সেটা তেমন কিছু না।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. কামরুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন এমন বাংলা ব্যাকরণ ও ইংরেজি গ্রামার মনোনীত করা উচিত, যেটা তারা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়তে পারবে। এতে করে শিক্ষার গুণগতমান নিশ্চিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকেরা হয়রানি থেকে মুক্তি পাবেন।’অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস রাসেল হোসেন বলেন, ‘এনসিটিবির নির্দেশনার বাইরে বই পাঠ্য করার কোনো সুযোগ নেই। আমি বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি। এর ব্যত্যয় ঘটলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’