যশোরের অভয়নগর উপজেলায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নির্দেশনা উপেক্ষা করে এনসিটিবির তালিকাবহির্ভূত বাংলা ও ইংরেজি ব্যাকরণ বই পাঠ্য করা হয়েছে। অভিযোগ উঠেছে, প্রকাশকদের কাছ থেকে টাকা নিয়ে মাধ্যমিক শিক্ষক সমিতি মনোনীত বই বিদ্যালয়গুলো পাঠ্য করেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ২০১২ শিক্ষাবর্ষের জন্য বাংলা ব্যাকরণ ও ইংরেজি গ্রামার বইয়ের একটি তালিকা পাঠিয়েছে এনসিটিবি। এতে বলা হয়েছে, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কেবল এনসিটিবি অনুমোদিত বেসরকারি প্রকাশকদের বাংলা ও ইংরেজি ব্যাকরণ বই পাঠ্য করতে হবে। অভিযোগ উঠেছে, এনসিটিবির পরিবর্তে শিক্ষক সমিতি মনোনীত বই পাঠ্য করতে শিক্ষক সমিতির কর্মকর্তারা প্রকাশকদের কাছ থেকে এবার ১০ লাখ টাকা ‘অনুদান’ নিয়েছেন । আর ‘অনুদানের’ এই টাকা পুষিয়ে নিতে প্রকাশকেরা বইয়ের দাম বেশি নির্ধারণ করেছেন। এসব বই কিনতে শ্রেণীকক্ষে শিক্ষকেরা শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করছেন বলে অভিভাবকেরা অভিযোগ করেছেন।সূত্র জানায়, এনসিটিবি এবার বেসরকারি প্রকাশকদের সাতটি বাংলা ব্যাকরণ এবং সাতটি ইংরেজি গ্রামার বই অনুমোদন দিয়েছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনুমোদিত এসব বাংলা ব্যাকরণ বইয়ের দাম শ্রেণীভেদে ৪১ টাকা থেকে ৫২ টাকা এবং ইংরেজি গ্রামার বইয়ের দাম ৪৩ থেকে ৬৯ টাকা। বইগুলো মানসম্মত বলে শিক্ষকেরা জানিয়েছেন। অপর দিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি এনসিটিবি অনুমোদিত প্রকাশকদের বাদ দিয়ে অন্য প্রকাশকদের চারটি বাংলা ব্যাকরণ ও চারটি ইংরেজি গ্রামার বই পাঠ্য করেছে। শ্রেণীভেদে এসব বাংলা ব্যাকরণ বইয়ের দাম নির্ধারণ করা হয়েছে ১৯৫ টাকা থেকে ৩০০ টাকা এবং ইংরেজি গ্রামার বইয়ের দাম ২০০ থেকে ৩০৫ টাকা। অভিযোগ উঠেছে, শিক্ষক সমিতির মনোনীত বইগুলো মানসম্মত নয় এবং শিক্ষার্থীদের ওই বই কিনতে বাধ্য করা হচ্ছে।নওয়াপাড়া গ্রামের অভিভাবক ওয়াহিদুজ্জামান মোহাম্মাদ অভিযোগ করেন, শিক্ষক সমিতির নির্ধারিত বেশি দামের বই কিনতে শিক্ষার্থীদের চাপ দেওয়া হচ্ছে। বইয়ের মানও ভালো না। জয়রাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতোষ বিশ্বাস বলেন, ‘সমিতি বইয়ের একটি তালিকা পাঠিয়ে দিয়েছে। কিছুটা চাপও আছে ওই বই চালানোর। আবার এনসিটিবির বইয়ের মান খুব ভালো। সরকারি সিদ্ধান্তের বাইরেও যাওয়া যাবে না। কী করব এখনো সিদ্ধান্ত নিইনি।’নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষক বলেন, ‘শুনেছি, সমিতি এবার প্রকাশকদের কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছে। বইগুলোও নিম্নমানের।’যশোরের প্রকাশনী সংস্থা হাসান বুক ডিপোর ব্যবস্থাপক জসিমউদ্দিন খান বলেন, ‘সমিতি আমাদের চারটি বই পাঠ্য তালিকাভুক্ত করেছে। এ জন্য কোনো টাকা দেওয়া লাগেনি। তবে বছর শেষে সমিতির কার্যক্রম থাকলে তখন টাকা দিতে হবে। বইয়ের দামও বেশি নির্ধারণ করা হয়নি।’উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাবুলাল তহবিলদার বলেন, ‘আমরা প্রকাশকদের কাছ থেকে কোনো টাকা নিইনি। আমরা আগে একটি বইয়ের তালিকা করেছিলাম। পরে এনসিটিবির তালিকা পেয়েছি। শিক্ষার্থীরা উভয় তালিকা থেকে বই কিনছে। এ ব্যাপারে আমাদের কোনো চাপ নেই।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. কামরুজ্জামান বলেন, ‘এনসিটিবির বই পাঠ্য করতে নির্দেশনা দিয়ে সব বিদ্যালয়কে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু শিক্ষক সমিতি সে নির্দেশনা মানছে না। আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আমার আর কিছুই করার নেই।’মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনার উপপরিচালক টি এম জাকির হোসেন বলেন, ‘বই তালিকাভুক্ত করে সমিতি লাভবান হচ্ছে। কিন্তু অভিভাবকেরা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভ্রাম্যমাণ আদালত করে অননুমোদিত বই জব্দ করার পাশাপাশি সংশ্লিষ্ট বিদ্যালয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের বলা হয়েছে।’