অভয়নগরে শিক্ষকের হাতে ছাত্রী লাঞ্ছিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিক্ষককে এক সপ্তাহ শ্রেণী-কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, গত শনিবার ওই শিক্ষক শ্রেণীকক্ষে এক ছাত্রীর পোশাক ধরে টান দেন। এ সময় ওই ছাত্রী প্রতিবাদ করলে শিক্ষক তাকে মারধর করেন। বিদ্যালয় ছুটির পর কয়েকজন শিক্ষার্থী বিষয়টি প্রধান শিক্ষককে জানায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ জরুরি সভায় বসে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ওই শিক্ষককে শ্রেণী-কার্যক্রম থেকে এক সপ্তাহ বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রফিকুল ইসলাম সরদারকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।