অভয়নগরে সরকারিভাবে চাল সংগ্রহে অনিয়ম-দুর্নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারক বিশ্বাস (৩৮) এবার পৌনে তিন বিঘা জমিতে বোরো ধানের চাষ করে ধান পেয়েছেন প্রায় ৭০ মণ। সরকারের বোরো ধান-চাল সংগ্রহ অভিযানে তিনি কোনো ধান সরবরাহ করেননি। কিন্তু উপজেলা খাদ্যগুদাম দপ্তরের সরবরাহ তালিকায় তিনি এক মেট্রিক টন ধান সরবরাহ করেছেন। তাঁর কৃষি-কার্ডের অনুলিপিও জমা আছে ওই দপ্তরে।ব্যাপারটি জানার পর বিসঞ্চয়ের ঘোর কিছুতেই কাটে না তারকের। যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী গ্রামের এই কৃষক বলেন, ‘খাদ্য গুদোমডা কহানে তাই আমি জানিনে। ধান দেবো কিএরে। তবে চিয়ারমেন কয়েক দিন আগে চৌকিদার পাঠায়ে আমার কাডডা নিয়ে গিছিল। কয়েক দিন পর ফিরেই দিয়ে গেছে।’নওয়াপাড়ার অগ্রণী অটো চালকলের নামে ১৪ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ওই চাল খাদ্যগুদামে সরবরাহও করা হয়েছে। কিন্তু সরেজমিনে চালকলটি পাওয়া যায়নি। চালকলের মালিক মো. আশরাফুজ্জামানের দাবি, চাল বরাদ্দ দেওয়ার সময় তাঁর চালকল ও চাতাল ছিল। মাঝে কিছুদিন চাতালটি ছিল না। পরে তিনি আবার চাতাল তৈরি করেছেন।এভাবেই চলছে অভয়নগর উপজেলার বোরো ধান-চাল সংগ্রহ অভিযান। শুধু তা-ই নয়, উপজেলার ১১টি চালকলের নামে ছাঁটাই ক্ষমতার চেয়ে প্রায় ৫০০ মেট্রিক টন বেশি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, ওই চাল সরবরাহ করে একটি চক্র প্রায় ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর সূত্রে জানা গেছে, চলতি বোরো সংগ্রহ মৌসুমে উপজেলায় দুই হাজার ৬০৭ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৫০৫ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৩ মে থেকে অভিযান শুরু হয়েছে ও ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ৩৭ জন চালকল মালিক চুক্তিবদ্ধ হয়েছেন।সুত্রমতে, ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দুই হাজার ৪৮৭ মেট্রিক টন ৩১৫ কেজি চাল এবং ২৪৭ মেট্রিক টন ৭১০ কেজি ধান সংগ্রহ করা হয়েছে। চাল ২৮ টাকা এবং ধান ১৮ টাকা কেজি দরে কেনা হচ্ছে। চালকল মালিকেরা অভিযোগ করেছেন, পাক্ষিক ছাঁটাই ক্ষমতা অনুসারে চুক্তিবদ্ধ ৩৭টি চালকলের নামে দুই হাজার ১১০ মেট্রিক টন ২০৮ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। অবশিষ্ট ৪৯৬ মেট্রিক টন ৭৯২ কেজি চাল ১১টি চালকলের নামে বরাদ্দ দেওয়া হয়। তাঁদের অভিযোগ, অতিরিক্ত এই চাল সমানভাবে চালকলগুলোর মধ্যে বরাদ্দ দেওয়া যেত। কিন্তু তা না করে মাত্র ১১টি চালকলের নামে তা বরাদ্দ দেওয়া হয়েছে। ফারাজী রাইচ মিলের স্বত্বাধিকারী হামিদুল হক ফারাজী বলেন, একটি চক্র বরাদ্দ করা ওই চাল সরবরাহ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।সৌরভ চালকলের পাক্ষিক ছাঁটাই ক্ষমতা ৭৭ মেট্রিক টন ৪৭০ কেজি চাল। কিন্তু ওই কলটির নামে বরাদ্দ দেওয়া হয়েছে ১৪৭ মেট্রিক টন। চালকলের মালিক শংকর কুমার সিংহ বলেন, ‘অফিসারদের জিজ্ঞাসা করেন। তাঁরাই ভালো বলতে পারবেন। আমি এ ব্যাপারে বেশি কিছু জানি না।’মাহামুদুল রাইস মিলের পাক্ষিক ছাঁটাই ক্ষমতা ৪৫ মেট্রিক টন ১০০ কেজি। চালকলটির নামে বরাদ্দ দেওয়া হয়েছে ৯৫ মেট্রিক টন চাল। এর মালিক মোবারেক হোসেন বলেন, ‘বাকি ৫০ টন অন্য লোকের। তিনিই ওই চালের টাকা নিয়েছেন।’নিয়মানুযায়ী একজন কৃষক সর্বোচ্চ এক মেট্রিক টন পর্যন্ত ধান সরবরাহ করতে পারবেন। কৃষি কার্ডের মাধ্যমে কৃষক শনাক্ত করতে হবে। কিন্তু বাস্তবে মানা হচ্ছে না এ নিয়ম। বাজারদরের চেয়ে সরকারি দর অনেক বেশি। আর এ সুযোগে কিছু ফড়িয়া কৌশলে কৃষকদের কৃষি কার্ড সংগ্রহ করে তার অনুলিপি জমা দিয়ে তাঁরা গুদামে ধান বিক্রি করছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন ফড়িয়া বলেন, ‘সুন্দলী ইউপির চেয়ারম্যান ৩৭ জন কৃষকের কার্ড সংগ্রহ করে বিক্রি করেছেন। আমি ৫০০ টাকা দরে অর্ধেক কার্ড কিনেছি।তবে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান পরিতোষ বিশ্বাস বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না।’উপজেলা সংগ্রহ কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ইমদাদুল ইসলাম বলেন, অতিরিক্ত বরাদ্দের ক্ষেত্রে অন্য একটি বিষয় আছে। তবে কোনো দুর্নীতি হয়নি। তিনি দাবি করেন, কৃষি-কার্ডের মাধ্যমে নিশ্চিত হয়ে কৃষকদের ধান ও সরকারি নীতিমালা অনুসারে মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা হচ্ছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মনিরুল ইসলাম বলেন, যেসব অভিযোগ এসেছে, সেগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।