অভয়নগরে সার ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা
অবৈধভাবে ইউরিয়া সার মজুদ করার অভিযোগে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার এক সার ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ৩০ হাজার বস্তা সারসহ তাঁর পাঁচটি গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে। গত শনিবার ভ্রাম্যমাণ আদালত ওই ব্যবসায়ীর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেন। অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার ভাঙ্গাগেট ও পাঁচকবর এলাকার ঘাটের নওয়াপাড়ার মেসার্স রহমত ট্রেডার্সের মালিক রহমত আলীর পাঁচটি গুদামে অভিযান চালান। অভিযানে অবৈধভাবে মজুদ করে রাখা সারের সন্ধান পাওয়া যায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও জাহিদ হোসেন সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন ও থানা পুলিশকে নিয়ে রহমত ট্রেডার্সের ওয়েব্রিজ সংলগ্ন তিনটি ও পাঁচকবর নামক স্থানের দুটি গুদামে প্রায় ৩০ হাজার বস্তা বিভিন্ন শ্রেণীর সার মজুদ দেখতে পান। এর মধ্যে ১০ হাজার বস্তা ইউরিয়া। এ সময় ইউএনও সারভর্তি পাঁচটি গুদাম সিলগালা করে দেন।ইউএনও জাহিদ হোসেন জানান, ডিলারশিপ ছাড়া অন্য কোনোভাবে ইউরিয়া মজুদ করার নিয়ম নেই। অবৈধভাবে ইউরিয়া মজুদের কারণে রহমত আলীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং তা আদায় করা হয়েছে। মেসার্স রহমত ট্রেডাসের্র মালিক রহমত আলী বলেন, ‘মজুদ সার আমার নয়। ওই সার নড়াইল জেলার সমীর ও নির্মল সাহার।’