অভয়নগরে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পাঁচকবর এলাকা থেকে পুলিশ গতকাল শনিবার এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। ওই ছাত্রের নাম আশিকুর রহমান (১৩)। সে নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। আশিক নওয়াপাড়া গ্রামের পাটকলশ্রমিক সাইদুর রহমানের ছেলে।আশিকের পরিবার জানিয়েছে, বিদ্যালয়ে দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিনে গত শুক্রবার (২৬ মার্চ) রাতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আশিক উপস্থিত ছিল। ওই রাতে সে আর বাড়ি ফেরেনি। আশিকের এক সহপাঠী নাম প্রকাশ না করার শর্তে জানায়, রাত সাড়ে ১১টার সময় আরিফ নামের এক বন্ধু আশিককে ডেকে নিয়ে যায়। এরপর তাকে আর বিদ্যালয়ের মাঠে দেখা যায়নি। গতকাল শনিবার সকালে এলাকাবাসী বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি আমগাছে আশিকের গলায় রশি বাঁধা অবস্থায় লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠায়।আশিকের বাবা সাইদুর রহমানের অভিযোগ, তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর আরিফ পলাতক রয়েছে।অভয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেন বলেন, ‘লাশের গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের ধারণা, তাকে হত্যা করা হয়েছে। আত্মহত্যা হিসেবে চালাতে ঘাতকেরা লাশ গাছে ঝুলিয়ে রাখতে পারে।’ গতকাল বিকেলে শেষ খবর পওয়া পর্যন্ত থানায় মামলা করার প্রস্তুতি চলছিল।