অভয়নগরে স্বর্ণজয়ী মাহফুজাকে সংবর্ধনা
সাউথ এশিয়ান গেমসে (এসএ) সাঁতার প্রতিযোগিতায় দুটি স্বর্ণপদক জয়ী জলকন্যা মাহফুজা খাতুনকে (শিলা) গতকাল শুক্রবার সন্ধ্যায় সংবর্ধনা দিয়েছে যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন।
উপজেলা প্রশাসন এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সন্ধ্যা ছয়টায় নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সহসভাপতি শাহ্ জালাল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক শাহ্ হাদিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন যশোর-৪ আসনের সাংসদ রণজিৎ কুমার রায়, জেলা প্রশাসক হুমায়ুন কবীর, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হক মোল্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মেহনাজ ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন জলকন্যা মাহফুজা খাতুন শিলার বাবা আলী আহম্মেদ গাজী ও মা করিমুন্নেসা।
সন্ধ্যা ছয়টায় সমবেত সংগীত দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর উপজেলা প্রশাসন, পৌরসভা ও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে মাহফুজা খাতুনকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তব্য দিতে গিয়ে মাহফুজা কেঁদে ফেলেন। তিনি বলেন, ‘অভয়নগরবাসীর ভালোবাসা আমার সঙ্গে ছিল বলে আজ আমি সফল হয়েছি। অভয়নগরের অনেকের সহযোগিতা না থাকলে আমি আজ এ অবস্থানে আসতে পারতাম না। আমার এ বিজয় অভয়নগরের বিজয়। গোটা দেশের বিজয়।’