অভয়নগরে সড়ক দুর্ঘটনায় চালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক আলমসাধু (শ্যালো ইঞ্জিনচালিত যান) চালক নিহত হয়েছেন। গত সোমবার রাতে যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ১০টার দিকে আলমসাধুচালক শাফিনুর রহমান (২৫) পণ্য নিয়ে নওয়াপাড়া বাজারে আসার পথে একটি ট্রাক পেছন দিক থেকে সেটিকে ধাক্কা দেয়। এতে শাফিনুর রহমান ছিটকে পড়েন। এ সময় ট্রাকটি তাঁকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
পথচারীরা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।
শাফিনুর উপজেলার কোটা গ্রামের মৃত ইউসুফ বিশ্বাসের ছেলে। এ ব্যাপারে শাফিনুরের ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে ওই রাতেই থানায় মামলা দায়ের করেছেন।