অভয়নগরে সড়ক দুর্ঘটনায় দুই আনসার সদস্য নিহত
যশোরের অভয়নগর উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই আনসার সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার আলীপুর এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই আনসার সদস্য হলেন সাহাদাত হোসেন (৩৩) ও নজরুল ইসলাম (৩৫)। সাহাদাত হোসেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া গ্রামের সমশের আলীর ছেলে ও নজরুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সদর গ্রামের মোকসেদ আলীর ছেলে।
সাহাদাত হোসেন যশোরের নাভারণ আনসার ব্যাটালিয়নে ও নজরুল ইসলাম খুলনার এলাহীপুর আনসার ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, আজ দুপুরে নজরুল ও সাহাদাত যশোর-খুলনা মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যশোর থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন নজরুল। বেলা দেড়টার দিকে মোটরসাইকেলটি অভয়নগর উপজেলার আলীপুর এলাকায় পৌঁছায়। এ সময় মহাসড়কের ওপর একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। মোটরসাইকেলটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে মহাসড়কের ওপর ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলচালক নজরুল ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় লোকজন আহত সাহাদাত হোসেনকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বেলা পৌনে দুইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মুক্তাদিরুল হক বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই সাহাদাত হোসেনের মৃত্যু হয়েছে।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বলেন, ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই আনসার সদস্য নিহত হয়েছেন। ট্রাকটি পালিয়ে গেছে। সেটি আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।