অভয়নগরে ১১ টন নকল সার জব্দ
যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ গেট এলাকার মেসার্স জিকো এন্টারপ্রাইজের গুদাম থেকে ৫৫০ বস্তা (প্রতি বস্তায় ২০ কেজি) নকল জিপসাম সার জব্দ করা হয়েছে। গত রোববার রাত আটটার দিকে পুলিশ অভিযান চালিয়ে এই নকল সার জব্দ করে। তবে সারের মালিককে আটক করা যায়নি।
পুলিশ জানায়, প্রেমবাগ গ্রামের জাকারিয়া কবির ওরফে জিকো বিশ্বাস দীর্ঘদিন ধরে টাইলসের বর্জ্য প্রেমবাগ গেট এলাকায় রেখে তা শুকিয়ে আপেল মার্কা জিপসামের বস্তায় ভরে বিক্রি করে কৃষকদের প্রতারিত করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে ৫৫০ বস্তা (১১ টন) নকল জিপসাম জব্দ করে। এ সময় বস্তাসহ নকল জিপসাম তৈরির সরঞ্জামও জব্দ করে পুলিশ। ভেজালকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, টাইলসের বর্জ্য দিয়ে তৈরি জিপসাম জমিতে ব্যবহার করলে জমির উর্বরতা নষ্ট হয়। পাশাপাশি আর্থিকভাবে প্রতারিত হন কৃষক। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা খবির উদ্দিন বলেন, ৫৫০ বস্তা নকল জিপসাম জব্দ করা হয়েছে। এর মধ্যে অর্ধেক সার বস্তায় ভরা এবং বাকি অর্ধেক খোলা অবস্থায় রাখা ছিল। ওই সার দুটি ট্রাকে করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে সারের মালিক জাকারিয়া কবির, ফেরদৌস বিশ্বাসসহ অজ্ঞাতনামা আরও দু-তিনজনের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে।