অভয়নগরে ১২০০ বস্তা পচা গম জব্দ
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় পচা ও খাওয়ার অনুপযোগী এক হাজার ২০০ বস্তা (৫০ কেজির বস্তা) গম জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওই গম জব্দ করেন। গমগুলো পাঁচটি গুদামে সিলগালা এবং গমের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নওয়াপাড়ার মাহাবুব অ্যান্ড ব্রাদার্স প্রায় পাঁচ মাস আগে পাকিস্তান থেকে ২৩ হাজার টন গম আমদানি করে। ওই গম নওয়াপাড়া, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের গুদামে রাখা হয়। কিন্তু গুদামের টিনের ছাউনি দিয়ে বৃষ্টির পানি পড়ে প্রায় ২০০ টন গম নষ্ট হয়ে যায়। কয়েক দিন আগে পচা ও দুর্গন্ধযুক্ত গম নারায়ণগঞ্জ থেকে নওয়াপড়ায় আনা হয়। এরপর রোদে শুকিয়ে এই গম ভালো বস্তায় ভরে বিক্রি করা হচ্ছিল।গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস রাসেল হোসেনের নেতৃত্বে পুলিশ মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে ওই গম জব্দ করে। এরপর গমভর্তি পাঁচটি গুদাম সিলগালা করে দেওয়া হয়। এ সময় ইউএনও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।মাহাবুব অ্যান্ড ব্রাদার্সের ব্যবস্থাপক আফজাল হোসেন বলেন, গুদামের ছাউনি দিয়ে পানি পড়ে ২০০ টন গম নষ্ট হয়ে গেছে। তিনি দাবি করেন, ‘আমরা ওই গম রোদে শুকিয়ে মাছের খাবার হিসেবে ঘেরে বিক্রি করেছিলাম। কিন্তু এ জন্য মৎস্য কার্যালয়ের কোনো অনুমতি ছিল না। এ কারণে আমাদের জরিমানা ও গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে।’ইউএনও বিশ্বাস রাসেল হোসেন বলেন, ‘গমগুলো পচা, দুর্গন্ধযুক্ত এবং খাওয়ার সম্পূর্ণ অনুপযোগী। ওই গম রোদে শুকিয়ে বস্তায় ভরে বিক্রি করা হচ্ছিল। গুদামগুলো সিলগালা করে দেওয়া হয়েছে। অবিলম্বে ওই গম নষ্ট করে ফেলা হবে।