অতিবর্ষণ এবং অতিবর্ষণজনিত জলাবদ্ধতার কারণে যশোরের অভয়নগর উপজেলায় ৮০ কোটি টাকা মূল্যের প্রায় সাত হাজার মেট্রিক টন মাছের ক্ষতি হয়েছে। উপজেলা মৎস্য দপ্তর এই তথ্য জানিয়েছে।
উপজেলা মৎস্য দপ্তর সূত্র জানায়, গত ৮ জুলাই থেকে বৃষ্টি শুরু হয় এবং মাঝে বিরতি দিয়ে এখন পর্যন্ত তা অব্যাহত আছে। মাঝেমধ্যে ভারী বর্ষণ হচ্ছে। এতে ১ হাজার ৪৫০ হেক্টর আয়তনের ৬৭০টি মাছের ঘের প্লাবিত হয়ে ভেসে গেছে ৭ হাজার ১৬৩ মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছ। ক্ষতির পরিমাণ ৭৮ কোটি ৭৯ লাখ ৩০ হাজার টাকা।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, যশোরের ভবদহ অঞ্চলের পানি নিষ্কাশিত হয় মুক্তেশ্বরী, শ্রী, হরি ও টেকা নদী দিয়ে। বিল কপালিয়ায় প্রস্তাবিত জোয়ারাধার চালু করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এলাকার কোনো বিলে বর্তমানে জোয়ারাধার কার্যকর নেই। এমতাবস্থায় জোয়ারের সঙ্গে আসা পলিতে ওই চারটি নদী ভরাট হয়ে গেছে। ফলে শ্রী নদীর ওপর অবস্থিত ভবদহ স্লুইস গেট দিয়ে পানি নিষ্কাশিত হচ্ছে না। এমতাবস্থায় উজানের বৃষ্টির পানির চাপে বিলগুলো প্লাবিত হয়ে পড়েছে। দেখা দিয়েছে জলাবদ্ধতা।
মৎস্য দপ্তর সূত্র জানায়, উপজেলায় উন্মুক্ত জলাধার রয়েছে ২ হাজার ২৮৪ দশমিক ৯৭ হেক্টর। বদ্ধ জলাধারের পরিমাণ ৫ হাজার ৯২২ দশমিক ৩৭ হেক্টর। প্রতিদিন জনপ্রতি ৫৬ গ্রাম হিসেবে উপজেলায় মাছের বার্ষিক চাহিদা ৫ হাজার ৩৬৪ মেট্রিক টন। উৎসগুলোতে মাছের বার্ষিক উৎপাদন ১৭ হাজার ২৪৪ মেট্রিক টন। অর্থাৎ উপজেলায় বার্ষিক উদ্বৃত্ত মাছের পরিমাণ ১১ হাজার ৮৮০ মেট্রিক টন। ব্যাপক ক্ষতি হওয়ায় এবার উপজেলায় মাছের ঘাটতি দেখা দেবে বলে সূত্র জানায়।
বেদভিটার বিলে ১৭ বিঘা আয়তনের মাছের ঘের আছে উপজেলার নওয়াপাড়া গ্রামের রবিউল ইসলামের। অতিবর্ষণে তাঁর ঘের ভেসে সব মাছ বেরিয়ে গেছে। তিনি বলেন, ‘ঘেরে আর কোনো মাছ নেই। অতিবর্ষণ ও জলাবদ্ধতায় আমার ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ বলারাবাদ গ্রামের সুভাষ চন্দ্র ঢালী বলেন, ‘বিল কেদারিয়ায় আমার সাত বিঘার একটি ঘের আছে। ঘেরের সব মাছ ভেসে গেছে। আমার খুব ক্ষতি হয়ে গেছে।’
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, ‘আমরা প্রায় ৮০ কোটি টাকার ক্ষতির পরিমাণ নিরূপণ করেছি। ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে। ক্ষতির পরিমাণ সব মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।’ তিনি আরও বলেন, অভয়নগর মাছ উদ্বৃত্ত উপজেলা। এবার মাছের ব্যাপক ক্ষতি হয়েছে। মাছের ঘাটতি যাতে না হয় সে জন্য নানাভাবে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে।