অভয়নগরে ৭৮ বস্তা সার জব্দ
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় বেশি দামে সার বিক্রি এখনো বন্ধ হয়নি। উপজেলা প্রশাসন গত ২৯ জানুয়ারি এ বিষয়ে মাইকিং করলেও তাতে কোনো কাজ হয়নি। এদিকে বেশি দামে বিক্রি করার জন্য মজুদ রাখার অভিযোগে একটি প্রতিষ্ঠান থেকে গত বুধবার ৭৮ বস্তা সার জব্দ করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা।মধ্যপুর এলাকার কৃষক ইমারুল ইসলাম জানান, সরকারিভাবে কৃষি পর্যায়ে টিএসপি তিউনিশিয়ার সারের ৫০ কেজির বস্তা এক হাজার ১০০ টাকায় বিক্রি করার নির্দেশ থাকলেও এক হাজার ২৫০ থেকে এক হাজার ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছে। একইভাবে ডিএপি (চীন) ৫০ কেজির বস্তা এক হাজার ৩৫০ টাকায় বিক্রির নির্দেশ থাকলেও তা এক হাজার ৪০০ থেকে এক হাজার ৪৩০ টাকায় বিক্রি হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের পক্ষ থেকে বারবার সতর্ক করে দেওয়ার পরও নওয়াপাড়ার ব্যবসায়ীরা টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) ও ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) সার বিক্রি করছেন। অনেকে বিভিন্ন প্রকারের সার বেশি দামে বিক্রি করার জন্য অবৈধভাবে মজুদ করছেন। বিষয়টি জানতে পেরে গত বুধবার উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন মেসার্স শুভ স্টোর নামের একটি দোকান থেকে ৭৮ বস্তা বিভিন্ন প্রকারের সার জব্দ করেন। তবে শুভ স্টোরের মালিক আশিষ কুমার দাস বলেন, ‘আমদানিকারকেরা ব্যবসায়ীদের কাছে এই সার বিক্রি করেছেন। আমি তাঁদের কাছ থেকে কিনেছি।’