অভয়নগরে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত
যশোরের অভয়নগর উপজেলার জিয়াডাঙ্গা গ্রামে গতকাল সোমবার গভীর রাতে যৌথ বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রবিউল ইসলাম (২৮) নামের একজন নিহত হয়েছেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবিরউদ্দিনের দাবি, নিহত রবিউল স্থানীয় সন্ত্রাসী বাহিনী মেজবাহ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন। এই বাহিনীর সদস্যরা গত রোববার রাতে উপজেলার মাগুরা বাজারে কুপিয়ে ও বোমা মেরে আওয়ামী লীগের নেতা চৈতন্য মণ্ডলকে হত্যা করে বলে অভিযোগ আছে।
ঘটনা সম্পর্কে ওসি মোল্লা খবিরউদ্দিনের ভাষ্য, গতকাল রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে রবিউল ইসলামকে আটক করে। পরে তাঁর তথ্যের ভিত্তিতে তাঁকে নিয়ে রাত সোয়া একটার দিকে অস্ত্র উদ্ধারে যায় যৌথ বাহিনী। এ সময় উপজেলার জিয়াডাঙ্গা গ্রামের শের আলীর বাঁশবাগান এলাকায় আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা যৌথ বাহিনীর ওপর হামলা চালায়। এ সময় যৌথ বাহিনী পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে থেকে রবিউলের লাশ উদ্ধার করা হয়। মরদেহের পাশ থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।