যশোরের অভয়নগর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর বিরুদ্ধে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফির চেয়ে প্রায় দ্বিগুণ টাকা আদায়ের অভিযোগ উঠেছিল। কিন্তু অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে করা বোর্ডের তালিকায় উপজেলার কোনো প্রতিষ্ঠানের নাম নেই। পরীক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরতও দেয়নি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান।
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় কেন্দ্র ফিসহ মানবিক ও বাণিজ্য বিভাগের পরীক্ষার্থীদের জন্য ১ হাজার ৩৫৫ টাকা এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের জন্য ১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়। এর অতিরিক্ত ফি নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে বারবার বোর্ডের পক্ষ থেকে লিখিতভাবে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়। কিন্তু অভিযোগ পাওয়া গেছে, বোর্ডের সেই নির্দেশনা মানেনি উপজেলার কোনো প্রতিষ্ঠান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভয়নগর উপজেলার ৪৫টি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার সাধারণ ও কারিগরি মিলিয়ে ২ হাজার ৯৫৯ শিক্ষার্থী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা দিচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, ফরম পূরণে তাদের কাছ থেকে দু-তিন হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে।
২০১৪ সালের ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি নেওয়ার ব্যাপারে স্বপ্রণোদিত রুল জারি করেন। ওই রুলে বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত ফি না নিতে বোর্ডগুলোকে নির্দেশ দেওয়া হয়। রুলের সূত্র ধরে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের মোট চারবার চিঠি দিয়েছেন। গত বছরের ১৮ অক্টোবর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র তাঁর পত্রে উল্লেখ করেন, পরীক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফির বেশি আদায় করলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এরপর গত ২৯ নভেম্বর আরও দুটি পত্র দেওয়া হয়। প্রথমটিতে যেসব প্রতিষ্ঠান অতিরিক্ত ফি আদায় করেছে, তা ছাত্রছাত্রীদের ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। দ্বিতীয়টিতে বোর্ডের আওতাধীন খুলনা বিভাগের ১০ জেলার শিক্ষা কর্মকর্তাকে অতিরিক্ত ফি আদায়কারী প্রতিষ্ঠানের তালিকাসংবলিত প্রতিবেদন তৈরির অনুরোধ করা হয়। এরপর ৪ ফেব্রুয়ারি একই ধরনের আরেক পত্রে আদায় করা অতিরিক্ত ফি ফেরত দেওয়া হয়েছে কি না, তা জানিয়ে পরীক্ষা নিয়ন্ত্রককে অবহিত করার জন্য প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশ দেওয়া হয়।
সুন্দলী এসটি স্কুল অ্যান্ড কলেজের সাধারণ ও কারিগরি শাখা থেকে এবার মোট ৭৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। প্রতিষ্ঠানটির কয়েকজন পরীক্ষার্থী ও অভিভাবক অভিযোগ করে বলেন, ফরম পূরণে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ মানবিক ও বাণিজ্য বিভাগের পরীক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ৩৯০ টাকা এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ৪৮০ টাকা করে আদায় করেছে।
সড়াডাঙ্গা গ্রামের সুজয় বিশ্বাস এবার ওই প্রতিষ্ঠান থেকে এসএসসি (মানবিক) পরীক্ষা দিচ্ছে। তার বাবা বিকাশ বিশ্বাস বলেন, ফরম পূরণের সময় ২ হাজার ৩৯০ টাকা দিতে হয়েছে। এ ব্যাপারে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবদুল লতিফ গণমাধ্যমকর্মীদের বলেন, ‘ফরম পূরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে জুন পর্যন্ত বেতনসহ ধার্য করা ফির চেয়ে কিছু বেশি নেওয়া হয়ে থাকতে পারে। তবে রেজিস্টার না দেখে বিস্তারিত কিছু©বলতে পারছি না।’ অতিরিক্ত টাকা নেওয়া হলে তা ফেরত দেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারের নির্দেশনা তো পালন করতেই হবে।’
জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘শুনেছি উপজেলার অনেক প্রতিষ্ঠান অতিরিক্ত ফি নিয়েছে। কিন্তু কোনো লিখিত অভিযোগ পাইনি বলে কোনো ব্যবস্থা গ্রহণ করা যায়নি।’
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘অতিরিক্ত ফি নিচ্ছে এমন খবর পেয়ে প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা তা অস্বীকার করে ফরম পূরণবহির্ভূত কিছু কিছু খাতে টাকা নেন বলে জানান, যা আমাদের তদারকির বাইরে।’ অতিরিক্ত ফি আদায়কারীর তালিকায় উপজেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নাম নেই কেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তালিকা করার দায়িত্ব আমাদের না। এগুলো শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব আর মন্ত্রণালয়ের দেওয়া চিঠিগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের জানিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। আমরা সেটাই করেছি।’