অভয়নগরের ভাড়াভিত্তিক দুটি বিদ্যুৎকেন্দ্র কাজে আসছে না!
বর্তমান সরকারের আমলে যশোরের অভয়নগর উপজেলায় দুটি দ্রুত ভাড়াভিত্তিক (কুইক রেন্টাল) বিদ্যুৎকেন্দ্র নির্মিত হয়েছে। ইতিমধ্যে সেগুলো উৎপাদনেও গেছে। তবে দুটি বিদ্যুৎকেন্দ্রই চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এর মধ্যে ৪০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রটি তেলের অভাবে গত ৬ এপ্রিল থেকে ১৩ এপ্রিল দুপুর পর্যন্ত বন্ধ ছিল। ১৩ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা চালানো হচ্ছে। যান্ত্রিক ত্রুটির কারণে ১০৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কেন্দ্রটি প্রতিদিন ১০ থেকে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছিল। কিন্তু সপ্তাহ খানেক ধরে কেন্দ্রটি বন্ধ রয়েছে।দুটি বিদ্যুৎকেন্দ্র নিয়ে অনেক প্রত্যাশা ছিল উপজেলাবাসীর। তাঁদেরই একজন উপজেলার মধ্যপুর গ্রামের এই সবজিচাষি হারেজ আলী (৪৮)। তিনি বলেন, ‘ভাবিলাম বিদ্যুৎকেন্দ্র দুডো চালু হলি কারেন আর যাবে না। কিন্তু আগে যা একটু থাকতো এহন আর মোটেও কারেন থাহে না। কী যে অচ্চে বুঝতি পারতিছি নে।’ধলিরগাতি গ্রামের মো. মফিজ উদ্দিন (৩৫) বলেন, ‘বিভিন্ন সময়ে আওয়ামী লীগের নেতারা বলে আসছেন, ১০৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যাবে। আর ৪০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে অভয়নগরের ২৬ মেগাওয়াটের চাহিদা মেটানো হবে। অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া হবে। কিন্তু বাস্তবতা এর ঠিক বিপরীত। অবস্থা আগের চেয়ে অনেক খারাপ।’পুরোনো যন্ত্রাংশ দিয়ে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ: সংশ্লিস্ট সূত্র জানায়, কোয়ান্টাম পাওয়ার সিস্টেম লিমিটেড ২০১০ সালের মার্চ মাসে উপজেলার তালতলায় ৪ একর জমির ওপর ৩৯৩ কোটি টাকা ব্যয়ে ১০৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণ কাজ শুরু করে। চার দফা সময় বাড়িয়ে নির্ধারিত সময়ের প্রায় নয় মাস পর গত বছরের ২৫ আগস্ট বাণিজ্যিকভাবে উৎপাদনে যায় কেন্দ্রটি। উৎপাদন শুরু থেকে এই পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রটি নির্ধারিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি। বিদ্যুৎকেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা শেখ মো. আবুল কালাম প্রথম আলোকে বলেন, ‘১৩টি ইঞ্জিনের মধ্যে নয়টিতে যান্ত্রিক ত্রুটি রয়েছে। অবশিষ্ট চারটি ইঞ্জিন প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত চালানো হচ্ছিল। এতে গড়ে প্রতিদিন ১০ থেকে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছিল। কিন্তু পিডিবি বিদ্যুৎ না নেওয়ায় সপ্তাহ খানেক ধরে সেগুলোও বন্ধ রয়েছে।’বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ খুলনার নির্বাহী প্রকৌশলী এবং বিদুৎকেন্দ্রটির সাবেক প্রকল্প পরিচালক জাহিদুর রশিদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিদুৎকেন্দ্রটির সব ইঞ্জিন ও যন্ত্রপাতি পুরোনো। এ কারণে তারা চুক্তি অনুযায়ী জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে ব্যর্থ হচ্ছে। এজন্য তাদের কোনো বিল দেওয়া হচ্ছে না।’দেরিতে উৎপাদনে যাওয়ায় কোয়ান্টাম পাওয়ার সিস্টেম লিমিটেডকে ২০০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। ইতিমধ্যে ৬৮ কোটি টাকা আদায়ও হয়েছে বলে জানালেন জাহিদুর।তেলের অভাবে বন্ধ: নওয়াপাড়ায় ভৈরব নদের তীরে প্রায় ৩ দশমিক ৪০ একর জমির ওপর ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করে খানজাহান আলী পাওয়ার কোম্পানি লিমিটেড। ২০১০ সালের ৯ সেপ্টেম্বর নির্মাণ কাজ শুরু হয়ে গত বছরের ১০ মে কাজ শেষ হয়। ওই বছরের ২২ মে কেন্দ্রটি বাাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে। বিদ্যুৎকেন্দ্রটি শুরু থেকে জ্বালানি তেলের অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল।বিদ্যুৎকেন্দ্রটির পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপক মো. ফয়েজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রতিদিন ২২৫ টন ফার্নেস অয়েল (জ্বালানি তেল) প্রয়োজন। বর্তমানে মজুদ আছে মাত্র ১০৬ টন। বেশ কয়েকদিন ধরে পিক আওয়ারে দুটি ইঞ্জিন চালু রেখেছিলাম। কিন্তু জ্বালানি সংকটের ৬ এপ্রিল রাত থেকে তাও বন্ধ করে দিতে হয়েছে। আমরা অনেক বার বিষয়টি পিডিবির কর্মকর্তাদের জানিয়েছি। কিন্তু এখনও পর্যন্ত আমাদের কোনো বরাদ্দ দেওয়া হয়নি।’বিদ্যুৎ-সংকটে অভয়নগর: যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্র জানায়, অভয়নগর ও নড়াইল মিলিয়ে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ৪৫ মেগাওয়াট। এর মধ্যে অভয়নগরে চাহিদা ৩৩ মেগাওয়াট এবং নড়াইলে চাহিদা ১২ মেগাওয়াট। কিন্তু পাওয়া যাচ্ছে ২২-২৬ মেগাওয়াট।