অভয়াশ্রম খননের অর্থ আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় কদমতলী মৎস্য অভয়াশ্রম খনন প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা মৎস্য কর্মকর্তাসহ প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিদের সহায়তায় প্রকল্পের দলনেতা নামমাত্র কাজ করে বরাদ্দের সিংহভাগ অর্থই আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।গ্রামবাসী, মৎস্যজীবী ও মৎস্য ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ ৫১ জন এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের অনুলিপি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।অভিযোগপত্র সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় পীরগঞ্জের কদমতলী মৎস্য অভয়াশ্রম খননকাজের জন্য সাত লাখ টাকা বরাদ্দ দেয়। প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য ঠাকুরগাঁও জেলা মৎস্য কর্মকর্তাকে সভাপতি ও পীরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তাকে সদস্যসচিব করে আট সদস্যের কমিটি গঠন করা হয়। অপর দিকে, জাতীয় পার্টির স্থানীয় সাংসদ চলতি বছরের এপ্রিলে জাতীয় পার্টির দৌলতপুর ইউনিয়ন শাখার সভাপতি আবু রায়হানকে দলনেতা করে ছয় সদস্যের চুক্তিবদ্ধ ভূমিহীন কমিটি (এলসিএস) গঠন করে দেন। এই কমিটিই মাঠপর্যায়ে খননকাজ বাস্তবায়ন করে।জুলাইয়ের প্রথম সপ্তাহে খনন শুরু হয়। নামমাত্র মাটি কেটে ২০-২৫ দিনের মাথায় কাজ বন্ধ করে দেওয়া হয়। অভয়াশ্রমের পশ্চিম পাশে বালুর স্তূপ রয়েছে। ওই স্তূপে আনুমানিক ৭৫-৮০ হাজার ঘনফুট বালু আছে। প্রতি হাজার ঘনফুট বালু উত্তোলন বাবদ খরচ দুই হাজার ৩০০ টাকা। এ হিসাবে অভয়াশ্রমে এক লাখ ৯০ হাজার টাকার বালু খনন করা হয়েছে। বাকি পাঁচ লাখ ১০ হাজার টাকাই আত্মসাৎ করা হয়েছে। প্রকল্পের সদস্যসচিব সঠিকভাবে খননকাজ তদারক না করায় এ অবস্থা হয়েছে। এ ছাড়া খননকালে অভয়াশ্রমের বড় বড় মা মাছ শিকার করে বিভিন্ন কর্মকর্তার বাসভবনে পৌঁছে দেওয়া হয়।চুক্তিবদ্ধ ভূমিহীন কমিটির দলনেতা আবু রায়হান বলেন, ‘আমার কাছে সুবিধা না পেয়ে কিছু লোক আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। সাংসদ হাফিজউদ্দীন আহামঞ্চদ সাহেব আমাকে বিশ্বাস করে খননকাজটি করার দায়িত্ব দিয়েছেন, আমি শতভাগ না পারলেও চেষ্টা করেছি।’প্রকল্পের সদস্যসচিব উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়সাল আযম বলেন, ‘কী পরিমাণ বালু তোলা হয়েছে তা নির্ণয় করা আমার কাজ না। আমি মাছ নিধনে সহায়তা করিনি, কিছু মানুষ আমার নাম করে মাছ ধরতেও পারে।’প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি জেলা মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান বলেন, ‘অভিযোগ সত্য নয়, অভয়াশ্রমে সঠিক সময় সঠিক পরিমাণ মাটির কাজ করা হয়েছে। আমি নিজে খননকাজ তদারক করেছি।’