অভয়াশ্রমও পাখিশূন্য হওয়ার পথে
পাবনার বেড়া উপজেলার কৈটোলা গ্রামে আকাশকলি দাসের বাড়ি। বাড়িটির আয়তন প্রায় সাড়ে পাঁচ বিঘা। জঙ্গলঘেরা বাড়ির গাছগুলোতে শত শত পাখির আনাগোনা দেখে মৎস্য অধিদপ্তরের ওয়েটল্যান্ড বায়োডাইভারসিটি রিহ্যাবিলিটেশন প্রজেক্ট (ডব্লিউবিআরপি) ২০১৪ সালের জানুয়ারিতে বাড়িটিকে ‘পাখি অভয়াশ্রম’ ঘোষণা দেয়।
অক্টোবরের শেষ থেকে গোটা শীত মৌসুম ওই বাড়িতে দর্শনার্থীদের ভিড় থাকে সবচেয়ে বেশি। কারণ, এই সময়টায় সেখানে দেশি পাখির সঙ্গে অতিথি পাখিরাও আশ্রয় নেয়। বিগত বছরগুলোতে পাখিপ্রেমীরা বাড়িটিতে গিয়ে পাখি দেখে মুগ্ধ হলেও এবার হতাশ হচ্ছেন। কারণ, এবার সেখানে পাখি একেবারেই কম।
এ ব্যাপারে উপজেলার মনজুর কাদের মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘আকাশকলি দাসের বাড়িতে প্রতিবছরই পাখি দেখতে যাই। গত বছরও সেখানে বিভিন্ন প্রজাতির অসংখ্য পাখি দেখে মুগ্ধ হয়েছি। কিন্তু এবার সেখানে গিয়ে মন খারাপ করে ফিরে এসেছি। গতবারের তুলনায় এবার সেখানে সিকিভাগ পাখিও দেখতে পাইনি। যেগুলো দেখেছি মনে হয়েছে সেগুলো কেমন যেন আতঙ্কিত।’
বাড়িটির মালিক আকাশকলি দাসের বয়স ৭৯ হলেও এখনো বিয়ে করেননি। বাড়িটিতে তিনি একাই থাকেন। পাখিদের প্রতি অকৃত্রিম ভালোবাসার কারণে এলাকায় তিনি ‘পাখিবন্ধু’ নামে পরিচিত। আকাশকলি দাস মন ভার করে বলেন, ‘গত বছরও এ সময়ে বাড়িতে পাঁচ শতাধিক পাখি ছিল। অথচ এবার এক থেকে দেড় শ পাখি আছে কিনা সন্দেহ।’
পাখি কমে যাওয়ার কারণ সম্পর্কে আকাশকলি দাস বলেন, ‘কয়েক বছর ধরে পাখি শিকার ব্যাপক বেড়েছে। আমার বাড়িতে পাখিগুলো নিরাপদে থাকে। কাউকে ছুঁতেও দেই না। কিন্তু খাবারের সন্ধানে ওরা বিল বা চরাঞ্চলে গিয়ে আর ফিরে আসে না। আর এভাবেই দিনকে দিন পাখির সংখ্যা কমছে।’
বিল ও চরাঞ্চলের বাসিন্দা সূত্র জানায়, শীতের শুরুতেই বিলের পানি নেমে যায়। চরগুলোতেও সৃষ্টি হয় পাখিদের বিচরণের জন্য উপযুক্ত পরিবেশ। এ সময় অল্প পানিতে মাছ ও খেতের আমন ধান খাওয়ার জন্য বিল ও চরগুলোতে প্রচুর দেশি ও অতিথি পাখি আসে। এ সুযোগে একশ্রেণির শৌখিন ও পেশাদার পাখি শিকারি মেতে ওঠেন পাখি নিধনে।
গত রোববার বেড়া বাজারে একটি রিকশা-ভ্যানের ওপর খাঁচাভর্তি কানিবক বিক্রি করতে দেখা যায় আলমগীর হোসেন নামের এক বিক্রেতাকে। প্রতি জোড়া পাখি বিক্রি করা হচ্ছিল ১২০ থেকে ১৪০ টাকায়। আলমগীর বলেন, তিনি পাখি শিকার করেন না। তাঁর চেনাজানা ১০-১২ জন শিকারি জালের সাহায্যে বিল ও চরে গিয়ে বক, বালিহাঁস, পানকৌড়ি প্রভৃতি পাখি ধরে আনেন। শিকারিদের কাছ থেকে তিনি পাখিগুলো কিনে বিভিন্ন বাজারে নিয়ে বিক্রি করেন।