অমর একুশে গ্রন্থমেলার প্রস্তুতি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর একুশে গ্রন্থমেলা আসন্ন। আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হবে বাঙালির এই প্রাণের মেলা। তবে গ্রন্থমেলা সামনে রেখে প্রতিবছর এক সপ্তাহ আগে স্টল বরাদ্দের লটারি অনুষ্ঠিত হলেও এবার তা হয়নি। দুই দফা সময় বাড়ানোর পর গতকাল সোমবার এ লটারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে তা বাতিল করে দিয়েছে মেলার আয়োজক বাংলা একাডেমি।
বাংলা একাডেমির উপপরিচালক মুর্শিদুদ্দিন আহম্মদ জানান, আজ মঙ্গলবার সকাল ১০টায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ লটারি অনুষ্ঠিত হবে। এবার মেলা একাডেমির বাইরে আয়োজন করার কারণে প্রস্তুতিতে একটু সময় বেশি লাগছে। এ কারণে লটারি করতে কয়েক দিন সময় বেশি লেগেছে।
এবার মেলা সম্প্রসারিত হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। দীর্ঘদিন থেকেই প্রকাশক ও গ্রন্থানুরাগীরা মেলার পরিসর বাড়ানোর দাবি করছিলেন। কারণ, প্রতিবছরই মেলায় নতুন নতুন প্রকাশক আসছেন। গ্রন্থানুরাগীদের সংখ্যাও বাড়ছে। এদিকে বাংলা একাডেমি চত্বরে নতুন ভবন নির্মাণ করায় জায়গাও আগের চেয়ে অনেক কমে গেছে। সে কারণে এবার মেলা সম্প্রসারিত করার উদ্যোগ নেওয়া হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। মেলাকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সোহরাওয়ার্দী উদ্যানে স্টল তৈরি শেষ হওয়ার আগেই শেষ হয়েছে একাডেমি প্রাঙ্গণের স্টল তৈরির কাজ। একাডেমি প্রাঙ্গণে এবার উদ্বোধনী অনুষ্ঠানসহ নিয়মিত আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বরাবরের মতোই। এ ছাড়া একাডেমি প্রাঙ্গণে বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি, শিশু একাডেমী, শিল্পকলা একাডেমী, নজরুল ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় জাদুঘরসহ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর স্টল থাকবে। কেবল বেসরকারি প্রকাশকদের স্টল থাকবে সোহরাওয়ার্দী উদ্যানে। এখন চলছে ধোয়ামোছার কাজ। নতুন করে সাজানো হয়েছে ভাষাশহীদদের মুর‌্যাল। একই সঙ্গে একাডেমিতে চলছে মেলার মূল মঞ্চ ও মোড়ক উন্মোচনের জন্য নির্মিত নজরুল মঞ্চের কাজ।