অমল দম্পতির বিশ্বাসে মহাসেনের আঘাত!
এলাকায় জনশ্রুতি আছে, ঘরে মানুষ থাকলে সেই ঘর ঝড়-বাদলে ভেঙে পড়ে না। অমলচন্দ্র ও সুচিত্রা মিত্র দম্পতি এই জনশ্রুতি বিশ্বাস করেন। তাই সরকারিভাবে সবাইকে সতর্ক করে আশ্রয়কেন্দ্রসহ নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করা হলেও তাঁরা ঘর ছাড়েননি। মহাসেনের আঘাতে তাঁদের তিন দুয়ারি ঘরটি যখন পড়ে যাচ্ছিল, তাঁর ঠিক আগমুহূর্তে এই দম্পতি ঘর ছাড়েন। তবে আশ্রয় নেন পাশের একটি পাকা বাড়িতে। অমলচন্দ্র ও সুচিত্রার বাড়ি পটুয়াখালী কলাপাড়া উপজেলার সেলিমপুর গ্রামে। স্থানীয় প্রশাসন জানায়, ঘরে থাকলে ঘর সুরক্ষিত থাকে—এই বিশ্বাস শুধু অমলচন্দ্র ও সুচিত্রার একার নয়। এই বিশ্বাস লালন করে পটুয়াখালী ও বরগুনা উপজেলার গ্রামীণ জনপদের বেশির ভাগ মানুষ। যে কারণে স্থানীয় প্রশাসন থেকে শুরুতেই সতর্ক করা সত্ত্বেও গ্রামের মানুষদের একটা বড় অংশ ঘর ছেড়ে বের হতে চায়নি। এসব মানুষকে ঘর থেকে বের করে আনতে প্রশাসন ও সচেতন নাগরিকদের হিমশিম খেতে হয়েছে। যতটা আশঙ্কা করা হয়েছিল, ঠিক ততটা ভয়ানকভাবে আঘাত হানেনি ঘূর্ণিঝড় মহাসেন। তবে যতটা তাণ্ডব চালিয়েছে, তার ক্ষতিও কম নয়। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে বরিশাল থেকে পটুয়াখালী যাওয়ার পথে দেখা গেছে, রাস্তার ওপর অসংখ্য গাছপালা ভেঙে পড়ে আছে। তবে বরিশাল সদর উপজেলায় তুলনামূলকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কম। স্থানীয় প্রশাসন জানায়, ফসলের বিস্তর ক্ষতি হয়েছে। বাদাম, মরিচ ও শাকসবজির খেতগুলো পুরোপুরি নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে বীজতলাও। গতকাল বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মিলিত হন বরিশালের বিভাগীয় কমিশনার নুরুল আমিন, জেলা প্রশাসক অমিতাভ সরকারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। বিভাগীয় কমিশনার নুরুল আমিন প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী ভোলায় তিন, পটুয়াখালীতে দুই এবং বরগুনায় একজনের প্রাণহানি ঘটেছে। ঝড়ে বিধ্বস্ত হয়েছে তিন হাজার ঘরাবাড়ি। এর মধ্যে মনপুরায় ২০০ এবং চরফ্যাশনে ৫০০ ঘর রয়েছে। সম্পদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার প্রথম আলোকে বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারিভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। ৩৬০টি আশ্রয়কেন্দ্রে এক লাখ ১০ হাজার মানুষকে নিয়ে আসা হয়েছিল। এ ছাড়া সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান, হোটেল, ইউনিয়ন পরিষদ ও পৌর ভবন এবং সরকারি অফিস আশ্রয়প্রার্থীদের জন্য উন্মুক্ত ছিল। এসব স্থাপনায় কী পরিমাণ মানুষ আশ্রয় নিয়েছিল তার হিসাব আপাতত স্থানীয় প্রশাসনের কাছে নেই। কলাপাড়ার ইউএনও জাহাঙ্গীর হোসেন বলেন, তাঁদের কাছে ক্ষয়ক্ষতির যে হিসাব আসছে তা অনুমাননির্ভর। কাল বিস্তারিত হিসাব পাওয়া যাবে।