অমল ধবল ভেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যেন আকাশে নীলের পটভূমিতে মেঘের শুভ্র প্রলেপ। ছবিটি গতকাল খাগড়াছড়ির আড়াইমাইল এলাকা থেকে তোলা  নীরব চৌধুরী
যেন আকাশে নীলের পটভূমিতে মেঘের শুভ্র প্রলেপ। ছবিটি গতকাল খাগড়াছড়ির আড়াইমাইল এলাকা থেকে তোলা নীরব চৌধুরী

এল আবার শিউলি ফোটার দিন। আজ শরতের শুরু। আমাদের ঋতুচক্রে শরৎ এক প্রচ্ছন্ন মৌসুম। কখন আসে আর কখন যায়, ভালো করে ঠাহরই করা যায় না। বিশেষ করে বৃষ্টি বেশি হলে মনে হয় যেন বর্ষাকালই চলছে। তবে ঋতুর বদল বোঝা যায় আকাশের দিকে তাকালে। ঘন কালো মেঘের আনাগোনা কমতে থাকে। দিনে দিনে গাঢ় নীল হয়ে ওঠে আকাশ। তার বুকে মন্থরভাবে ভাসতে থাকে ধবল মেঘের স্তূপ। দিনে দিনে বৃষ্টিও এখন কমে আসবে। মাঝেমধ্যে হঠাৎ দু-এক পশলা বর্ষণ হলেও তাতে পথের ধুলা, গাছের পাতাই ভিজবে না ভালো করে। নগরজীবনে শরতের শোভা দেখার সুযোগ তেমন মেলে না। অসংখ্য দালানকোঠা আড়াল করে আছে আকাশ। তার ফাঁকফোকর দিয়ে টুকরো টুকরো যে ছবি ওপরের দিকে তাকালে চোখে পড়ে, তাতে মন ভরে না। তার জন্য চাই খোলা প্রান্তর। স্বচ্ছ নীল আকাশে ভেলার মতো ভেসে যায় কার্পাস তুলার মতো মেঘের পুঞ্জ। সেই মেঘের কিনার দিয়ে ছড়িয়ে পড়া দ্যুতিময় রোদের কিরণ। আর থেকে থেকে বয়ে যাওয়া প্রাণ জুড়ানো ঝিরঝিরে হাওয়ার কোমল স্পর্শ। এক অনাবিল প্রশান্তি আছে শরতে। আছে অনন্য স্নিগ্ধতা। আকাশে নীলের পটভূমিতে মেঘের শুভ্র প্রলেপ। সেই শুভ্রতার ছোঁয়া ধরাতলেও। বর্ষায় ক্ষুরধারা ভরা নদীর বাঁকে বাঁকে হাওয়ায় দুলে ওঠে সফেদ কাশবন। এ এক আশ্চর্য ফুল। গন্ধ নেই, মালা গাঁথা যায় না, ফুলদানিতে সাজানোর উপযোগীও নয়, খোঁপায় গোঁজার মতো তো নয়ই। তবু কী যেন এক গোপন মন্ত্র আছে তার, তাই দিয়ে দূর থেকে দৃষ্টিকে মুগ্ধ করে রাখে। দূর থেকে রুপালি বালুর চরে দিগন্ত ছোঁয়া কাশবন যত মনোরম, কাছে গেলে আবার ততটা নয়। হয়তো এই দূরত্বের মধ্যেই রয়ে গেছে তার মুগ্ধতার গোপন রহস্য। সে তুলনায় শিউলী একেবারেই আলাদা। যেমন তার মন প্রফুল্ল করে তোলা সৌরভ, তেমনি তার চোখ জুড়ানো রূপ। গাঢ় কমলা বোঁটার ওপর তুষার শুভ্র পাপড়ি। তার ওপরে লেগে থাকা শিশিরবিন্দু। নীরবে নিভৃতে রাতের হাওয়া সুরভিত করে ঝরে পড়ে ভোরবেলায়। কাকভোরে শিউলীতলায় ফুল কুড়াতে যাওয়ার স্মৃতি হয়তো অনেকের মনেই অম্লান হয়ে আছে, থাকবে ভবিষ্যতে আরও অনেকের।

শহরে অবশ্য কখনো কোথাও কোনো বাড়ির আঙিনায় বা উদ্যানে শিউলীর দেখা মেলে। তবে কাশফুল যেমন দুর্লভ, তেমনি দুর্লভ বিলঝিলে প্রস্ফুটিত শাপলার দেখা পাওয়া। রাজধানীতে বেশ কিছু ঝিল আছে বটে, কিন্তু তাতে শাপলা ফোটে না। সেই যে জীবনানন্দ দাশ বলেছিলেন, ‘হয়তো বা হাঁস হব, সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে’, তেমন কলমিলতা ভেসে থাকা কাকচক্ষু জলের বুকে মেঘের প্রতিচ্ছবি দেখতে হলে যেতে হবে গ্রামাঞ্চলে। শুভ্র মেঘ, শাপলা, শিউলী, কাশবন, ধবল জ্যোৎস্নাঢালা শরতের পূর্ণিমা রাত সব মিলিয়েই এক পবিত্রতার অনাবিল আবহ এনে দেয় এই ঋতু।

শরতের সঙ্গে সংযোগ আছে উৎসবেরও। ঢাকঢোলের বোলে পরিবেশ মুখর করে শুরু হয় হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ছড়িয়ে পড়ে আনন্দের রেশ। হিংসা-বিদ্বেষ, হানাহানিতে কঠিন-ক্রুর হয়ে ওঠা পরিবেশে এল অমল ধবল মেঘের ভেলা ভাসানো শরৎ। কামনা থাক তার প্রভাবে, যেন বদলে যায় এসব কুটিলতা। ঋতুটির মতোই স্নিগ্ধতায়, নির্মলতায় ভরে ওঠে সবার জীবন।