অমানবিক!
মো. বাদশা। বয়স ১০-১২ বছর। হাসপাতালের শয্যায় ব্যথায় কাতরাচ্ছে। পাশে বসে কাঁদছেন তার মা জাহানারা বেগম। তিনি অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। বাদশার বাবা বাহার উদ্দিন রিকশাচালক। স্থানীয় এক মুদি দোকানদার গত সোমবার টাকা চুরির অভিযোগে বাদশাকে নৃশংসভাবে পিটিয়ে আহত করেছেন। গতকাল শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগে বাদশার শয্যাপাশে গিয়ে তার ওপর অমানবিক নির্যাতনের ঘটনা জানা গেছে। বাদশাদের গ্রামের বাড়ি নোয়াখালীর চর জব্বারে। মা-বাবা, ভাইবোনসহ চট্টগ্রামের মদুনাঘাটের দক্ষিণ মাদার্শা এলাকার একটি বস্তিতে তারা ভাড়া থাকে। জানা গেছে, অভাবের কারণে বাদশাকে একটি ঝালাই কারখানায় কাজ শেখার জন্য দেওয়া হয়। কাজের ফাঁকে মাঝেমধ্যে সে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করত। বাদশা জানায়, গত সোমবার বিকেলে অন্যদিনের মতো কাজ শেষে সে ক্রিকেট খেলছিল। হঠাৎ মদুনাঘাট বাজারের মুদি দোকানি নুরুল আমিন তাঁকে সেখান থেকে ধরে এনে বেধড়ক পেটাতে থাকেন। নুরুল আমিনের অভিযোগ, বাদশাসহ ছয়জন ছেলে তাঁর দোকানের ক্যাশবাক্স থেকে ৪৬ হাজার টাকা চুরি করেছে। বাদশা নিজেকে নির্দোষ দাবি করে এই প্রতিবেদককে বলেছে, নুরুল আমিন তাঁকে প্রথমে একটি ঘরের মধ্যে আটকে রাখে এবং পরে বাইরে এনে একটি খুঁটির সঙ্গে বেঁধে মোটা লাঠি পেটাতে থাকেন। এতে তাঁর হাত-পা ফেটে রক্ত ঝরতে থাকে। একপর্যায়ে বাদশা পিপাসায় কাতর হয়ে পানি চাইলে তাকে নালার ময়লা পানি খেতে দেওয়া হয়। বাদশাকে উদ্ধার করতে তার বাবা ছুটে এলে তাঁকেও পেটাতে থাকেন নুরুল আমিন। পরে স্থানীয় লোকজনের অনুরোধে বাদশাকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়। পরদিন মঙ্গলবার সকালে স্থানীয় ব্যবসায়ী সৈয়দ আকবর হোসেনসহ আশপাশের লোকজনের সহযোগিতায় বাদশাকে ভর্তি করানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সহকারী অধ্যাপক মো. আকবর হুছাইন ভূঁইয়া বাদশার গলা, হাতে ও পায়ে আঘাতের কথা নিশ্চিত করে বলেন, ‘বাদশা এখন শঙ্কামুক্ত। তবে তাকে পর্যবেক্ষণে রাখতে হবে।’ বাদশা গতকাল শুক্রবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। কিন্তু এখনো পুরোপুরি সুস্থ বোধ করছে না বলে জানিয়েছেন তার মা। বাদশা বলেছে, গত সোমবার সকালে নুরুল আমিনের দোকান থেকে টাকা চুরি হয়েছে বলে সে নাজিম নামের একটি ছেলের কাছ থেকে শুনেছে। এ ছাড়া আর কিছুই সে জানত না। অভিযোগ সম্পর্কে দোকানি নুরুল আমিন প্রথম আলোকে বলেন, ‘বাদশাসহ ছয়জন ছেলেকে আমার দোকানের ক্যাশ থেকে ৪৬ হাজার টাকা চুরি করতে দেখেছি। তাই তাকে হালকা কিল-চড় দিয়েছি মাত্র।’ টাকা চুরি করতে দেখেও কেন সে সময় তিনি তাদের আটক করেননি বা বিষয়টি পুলিশকে জানাননি—এ প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি নুরুল আমিন।