অমানবিক নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঘরের ভেতর আটকিই ধরি মাইরিছে, কুরআন নিয়ে আল্লাহর দোহায় দিইছি। এসব না শুনে চুল ধইরি লাথি, ঘুষি যে যেমন পারছে মাইরিছে। প্লায়ার্স দিয়ে পায়ের নখে টান দিছে, কঞ্চি দিয়ে আঙুলে চাপ দিছে, ব্যাট দিই পিঠে ও ঠ্যাংগে মারিছে।’
গতকাল বুধবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিছানায় শুয়ে এভাবেই নির্যাতনের বর্ণনা দেন গৃহপরিচারিকা রাজিয়া খাতুন ওরফে রানু (২০)।
উপজেলার জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী ও তাঁর কয়েকজন আত্মীয় রাজিয়ার ওপর এভাবে নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে। রাজিয়া একই ইউনিয়নের পরানখালী গ্রামের আবদুল হামিদের স্ত্রী। তিনি ওই গ্রামের মৃত ওয়াহেদের স্ত্রী জেসমিনের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় গয়না চুরির অভিযোগে তাঁকে নির্যাতন করা হয়।
রাজিয়া ও তাঁর আত্মীয়স্বজনের ভাষ্যমতে, ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজিয়ার বিরুদ্ধে গয়না চুরির অপবাদ দিয়ে তাঁকে বেদম মারধর করা হয়। এরপর জেসমিন ওই রাতেই তাঁর দূর সম্পর্কের আত্মীয় ইউপি চেয়ারম্যানকে ডেকে তাঁর কাছে রাজিয়াকে তুলে দেন। চেয়ারম্যান ও তাঁর লোকজন রাজিয়াকে চেয়ারম্যানের বাড়িতে নিয়ে ক্রিকেটের ব্যাট দিয়ে পেটান। প্লায়ার্স দিয়ে তাঁর পায়ের আঙুল, নখ থেঁতলে দেওয়া হয়। চুরির অভিযোগে রাতে তাঁকে পুলিশে হস্তান্তর করা হয়। এরপর পুলিশ রাজিয়াকে তাঁর পরিবারের লোকজনের হাতে তুলে দিলে তাঁকে ওই রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন চিকিৎসা শেষে রাজিয়া ১১ সেপ্টেম্বর নিজ বাড়িতে ফিরে যান। পুলিশের পরামর্শে রাজিয়াকে ওই দিনই ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। রাজিয়ার স্বামী ঢাকায় রিকশা চালান। নির্যাতনের কথা শুনে তিনি ভেড়ামারায় এসেছেন।
অভিযোগের ব্যাপারে শওকত আলী বলেন, ‘আপনি চা খেতে আসেন, সব বলব।’ পরে কথা হবে বলে ফোন রেখে দেন তিনি।
ভেড়ামারা থানার ওসি সৈয়দ রবিউল ইসলামের মুঠোফোনে গতকাল দুপুরে কয়েকবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। পরে টেলিফোন থেকে ফোন দিয়ে পরিচয় জানার পর বলেন, তিনি পাঁচ মিনিট পর ফোন দেবেন। আধা ঘণ্টা পর আবার যোগাযোগ করা হলে তিনি ফোনের লাইন কেটে দেন।