অমানবিক নির্যাতনের শিকার হয়ে শিশুটি হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নির্যাতনের শিকার শিশু রাহিমা
তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নির্যাতনের শিকার শিশু রাহিমা

গৃহকর্ত্রী ও তাঁর স্বামীর অমানবিক নির্যাতনের শিকার হয়ে রাহিমা (১০) নামের একটি শিশু তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শিশুটির বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পাইকুরা ইউনিয়নের উত্তরাটি গ্রামে। তার বাবার নাম শহীদ মিয়া ও মায়ের নাম নেহেরা খাতুন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কথা হলে ওই শিশুর মা নেহেরা খাতুন (৪৫) বলেন, ছয়-সাত মাস আগে মাসিক এক হাজার টাকা বেতনে পাশের গ্রাম মজলিশপুরের বাসিন্দা হায়দার আকন্দ রাহিমাকে তাঁর (হায়দার) ছেলে ইসতিয়াক আকন্দের বাসার জন্য গৃহকর্মী হিসেবে নিযুক্ত করে। ইসতিয়াকের বাসা গাজীপুরের মাওনা চৌরাস্তায় (চেষ্টা করেও বাসার পূর্ণাঙ্গ ঠিকানা জানা যায়নি)। তিনি জানান, ইসতিয়াক ও তাঁর স্ত্রী প্রতিদিন তাঁর মেয়েকে মারধর করতেন। খবর পেয়ে গত বুধবার মাওনা চৌরাস্তার বাসা থেকে আহত অবস্থায় মেয়েকে উদ্ধার করে এনে রাতেই তাড়াইল হাসপাতালে ভর্তি করেন তিনি।

শিশুটির বাবা শহীদ মিয়া (৬০) বলেন, ‘গরিবের মাইয়্যা বইল্যা কি কোনো দাম নাই? এই ভাবে মানুষ মানুষরে মারে!’

হাসপাতালে দেখা গেছে, মেয়েটির চোখ, পিঠ, পেট, কান ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। চোখে-মুখে আতঙ্কের ছাপ। ক্ষণে ক্ষণে ভয়ে শিউরে উঠছে সে।

কথা হলে শিশু রাহিমা কান্নারত অবস্থায় প্রথম আলোকে জানায়, ‘বাসার সাইব ইসতিয়াক এবং মেম সাইব রুজি (রোজ) পরতেক দিন আমাকে লাডি দিয়া মারপিট করে। খাইতে দেয় না। পানি গরম কইরা আমার নাকে মুখে ঢালে, কিছু কইতে চাইলে বেগম সাব কেনছি (কাঁচি) দিয়া আমার মাথার চুল কাইট্টা দিত।’

মেয়েটি জানায়, ওই গৃহকর্ত্রী প্রায়ই জোর করে তাকে বাসায় লালিত কুকুরের পায়খানা খাওয়াত। এই কথা কাউকে বললে ‘জানে মাইরা ফালাইবে’ বলে হুমকি দিত।

এ ব্যাপারে ইসতিয়াক আকন্দের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর স্ত্রীর মুঠোফোন নম্বর  সংগ্রহ করা যায়নি।

ইসতিয়াকের আত্মীয় পরিচয় দিয়ে কামাল আহম্মেদ মুঠোফোনে এ প্রতিনিধিকে বলেন, ‘এই ঘটনা যে ভাবেই হয়েছে সেটা আমরা দেখছি। আপনারা নিউজ করবেন না।’

নাম প্রকাশে অনিচ্ছুক মজলিশপুর গ্রামের এক বাসিন্দা বলেন, ‘এমন বর্বর কাজ ইসতিয়াকের পক্ষেই সম্ভব। এরা মানুষ নামের কলঙ্ক।’

যোগাযোগ করা হলে তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) মো. এহসানুল হক প্রথম আলোকে বলেন, ‘মেয়েটির সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। আমরা চিকিৎসার পাশাপাশি সর্বাত্মক সহযোগিতা করছি।’ তিনি আরও বলেন, ছোট্ট শিশুটিকে যারা এমন নির্মম অত্যাচার করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।