অমানুষিক নির্যাতনে কাতরাচ্ছে গৃহপরিচারিকা শিমুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। কয়েকটি স্থানে পচনও ধরেছে। সারা শরীরে ঘা আর খুন্তির ছ্যাঁকার দাগ নিয়ে হাসপাতালে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে কিশোরী শিমুল আক্তার (১৪)। জীবনশঙ্কা না থাকলেও এই ক্ষত তাকে বয়ে বেড়াতে হবে সারা জীবন—এমন ধারণা চিকিৎসকদের। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন শিমুল একজন গৃহপরিচারিকা। গৃহকর্ত্রী বেনজীর হাবিদ তাকে গরম পানি ঢেলে ঝলসে দিয়ে প্রায় এক মাস ঘরে আটকে রাখেন বলে অভিযোগ। আহত শিমুল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর গ্রামের বাসিন্দা আবুল কাসেমের মেয়ে। শিমুলের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, এ বিষয়ে মামলা নিতে শুরুতে অসম্মতি জানায় পুলিশ। পরে গত সোমবার পুলিশ মামলা নেয়। ওসিসি সেন্টারের সমন্বয়কারী নিতাই প্রসাদ দত্ত জানান, ‘মেয়েটির শরীরে গভীর ক্ষতগুলো এখনো শুকায়নি। সময়মতো চিকিৎসা পেলে তার শারীরিক অবস্থা এতটা খারাপ হতো না।’শিমুলের ফুফু জুলি রানী আক্তার জানান, পাহাড়তলী থানাধীন উত্তর কাট্টলী এলাকায় গত মাসের ৬ জানুয়ারি এই ঘটনা ঘটে। এতে শিমুলের মুখ ছাড়া শরীরের বেশির ভাগ অংশই ঝলসে যায়। গৃহকর্ত্রী বেনজীর প্রাথমিক চিকিৎসা দিয়ে শিমুলকে ঘরে আটকে রাখে। এরই মধ্যে শরীরে পচন ধরে। পরে সুযোগ পেয়ে ১ ফেব্রুয়ারি শিমুল ওই বাসা থেকে পালিয়ে বেরিয়ে আসে। জুলি আরও বলেন, এই ঘটনায় ১ ফেব্রুয়ারি পাহাড়তলী থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে তাকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বার্ন ইউনিটের প্রধান মৃণাল কান্তি দাশ বলেন, ‘তার মুখ ছাড়া গলা থেকে নিচের অংশ গরম পানিতে পুড়ে গেছে। এখন কিছুটা সুস্থ। তবে তাকে এই ক্ষত বয়ে বেড়াতে হবে।’ জানা গেছে, আট মাস আগে বিউটি পারলারের কাজ শেখাবে বলে শিমুল আক্তারকে কাজে নেয় বেনজীর হাবিদ। কিন্তু তাকে দিয়ে ঘরের সব কাজ করাতেন বেনজীর। কাজে অসংগতি দেখলে গায়ে কিল-ঘুষি, চড়-থাপড় তো আছেই, হাতের কাছে যা-ই পেতেন তা দিয়ে মারধর করতেন। এ ছাড়া কাজে গড়িমসি করলেই মিলত খুন্তির ছ্যাঁকা। গত ৬ জানুয়ারি শিমুল বাড়িতে চলে যাওয়ার কথা বললে তাকে গরম পানি ঢেলে দেওয়া হয় বলে জানান জুলি। এই ঘটনায় অভিযুক্ত বেনজীর হাবিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে কথা হয় বেনজীরের স্বামী শহীদুল ইসলামের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘বেনজীরের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা নেই। কারণ, মেয়েটি আমাদের বাসা থেকে গত বছরের অক্টোবর মাসের শেষের দিকে কাউকে কিছু না বলে চলে যায়।’ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুর রউফ বলেন, এই ঘটনায় গত সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে বেনজীর হাবিদের বিরুদ্ধে মামলা হয়েছে।