অমাবস্যা-পূর্ণিমায় অঘোষিত বন্ধ
‘জোয়ার এলে আমাদের স্কুলে ক্লাস হয় না। স্কুলের মাঠে পানি উঠে যায়, খেলতে পারি না। স্যাররা স্কুলে আসেন, আবার চলে যান।’ কথাগুলো ফেনীর সোনাগাজী উপজেলার উত্তর-পশ্চিম চর দরবেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র আনোয়ার হোসেনের। স্থানীয় লোকজন জানান, অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারের পানিতে বিদ্যালয়ের মাঠ ডুবে যায়। মাঝেমধ্যে বিদ্যালয়ের শ্রেণীকক্ষেও পানি ঢুকে যায়। সে কারণে প্রতি অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারের সময় বিদ্যালয়টি অঘোষিতভাবে বন্ধ থাকে।
প্রতিষ্ঠার পর থেকে এ অবস্থা চলছে সমুদ্র উপকূলীয় চর দরবেশ ইউনিয়নের উত্তর-পশ্চিম চর দরবেশ কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে। গত জানুয়ারিতে বিদ্যালয়টি সরকারীকরণ করা হয়েছে।
শিক্ষকেরা জানান, এ ছাড়া বিদ্যালয়ে আরও অনেক সমস্যা রয়েছে। বৃষ্টির সময় টিনের ফুটো দিয়ে শ্রেণীকক্ষে পানি পড়ে। তা ছাড়া বিদ্যালয়ের দরজা-জানালা ভাঙা। আসবাবপত্রের স্বল্পতাসহ আরও নানা সংকট রয়েছে। বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, দুর্গম চরাঞ্চলে হতদরিদ্র পরিবারের শিশুদের শিক্ষা বিস্তারের লক্ষ্যে ১৯৯৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। সে সময় তিন লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে সেখানে একটি আধা পাকা টিনশেড ভবন নির্মাণ করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ১২৫ জন শিক্ষার্থী পড়াশোনা করে। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বিবি কুলসুম জানায়, বৃষ্টির সময় টিনের ফুটো দিয়ে পানি পড়ে বই-খাতা নষ্ট হয়ে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কান্তি রায় বলেন, বিদ্যালয়ের ফলাফল ভালো। গত বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বিদ্যালয়ের পাসের হার শতভাগ। তিনি বলেন, মাঠে ও শ্রেণীকক্ষে জোয়ারের পানি ওঠা বন্ধ হলে নিয়মিত পাঠদানে কোনো সমস্যা থাকবে না। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুল হক বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, জোয়ারের সময় পানি ওঠার বিষয়টি তিনি জানেন। তিনি আরও বলেন, বিদ্যালয়ের পুরোনো ভবনটি ভেঙে সেখানে নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর চিঠি দেওয়া হয়েছে।