অমাবস্যার জোয়ারে টেকনাফের ৫০ হাজার মানুষ পানিবন্দী
অমাবস্যার অস্বাভাবিক জোয়ারে নদ-নদী ও বঙ্গোপসাগরে পানি বেড়ে যাওয়ায় কক্সবাজারের টেকনাফের নিম্নাঞ্চলের ১৭টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে ৫০ হাজার মানুষ।কক্সবাজারের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শহিদুল ইসলাম বলেন, উত্তর বঙ্গোপসাগরের গভীরে সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হওয়ায় গতকাল শুক্রবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পাশাপাশি জোয়ারের পানির উচ্চতা তিন-চার ফুট বেড়ে যেতে পারে। তাই কক্সবাজার, চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সাগরে সব নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।গতকাল বেলা ১১টায় সরেজমিনে দেখা গেছে, নাফ নদী ও বঙ্গোপসাগরের দুটি ভাঙা অংশের পাশাপাশি বেড়িবাঁধের নতুন নতুন ভাঙন দিয়ে জোয়ারের পানি ঢুকছে। এতে ১৭টি গ্রাম পানিতে ডুবে গেছে। এর মধ্যে পৌরসভার তিনটি, সাবরাং ইউনিয়নের আটটি, সদর ইউনিয়নের তিনটি ও হ্নীলার তিনটি গ্রাম প্লাবিত হয়ে অসংখ্য ঘরবাড়ি, পানের বরজ, আমন খেত ও চিংড়িঘের পানিতে তলিয়ে গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৭, ২০০৮, ২০০৯ ও ২০১০ সালে বঙ্গোপসাগরে সৃষ্ট একের পর এক ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে উপকূলীয় বেড়িবাঁধের বিভিন্ন অংশ ভেঙে যায়। এলাকার নুরুল আলম (৪৫), আলী আহমদ (৫৫) ও মরিয়ম খাতুন (৩৮) আক্ষেপ করে বলেন, ‘২০০৭ সালে সিডরের সময় ভাঙনের পর বেড়িবাঁধ মেরামত না করায় প্রায় ছয় বছর ধরে পানি নিয়ে যুদ্ধ করছি। বেড়িবাঁধ মেরামত করার কোনো উদ্যোগ নিচ্ছে না সরকার।’ পাউবো টেকনাফ অঞ্চলের উপ-প্রকৌশলী গিয়াস উদ্দিন বলেন, উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ শুষ্ক মৌসুমে জরুরি ভিত্তিতে মেরামতের প্রস্তাব পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামসুল ইসলাম বলেন, জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়েছে।