চট্টগ্রামে দিঘিতে ড্রামের ভেতর থেকে যুবলীগ কর্মীর লাশ উদ্ধারের মামলায় আসামি ইমাম হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম এস এম মাসুদ পারভেজ শুনানি শেষে এ আদেশ দেন। ইমাম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী অমিত মুহুরীর সহযোগী।
পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলেও আদালত দুই দিন মঞ্জুর করে বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী। এর আগে গত মঙ্গলবার একই মামলায় অমিতের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক হারুন অর রশিদ গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অমিত ও ইমাম আদালতে জবানবন্দি দিলেও দুজনের তথ্যে বেশ কিছু ঘাটতি রয়েছে। দুজনকে একসঙ্গে কারাগার থেকে এনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
ঘটনার শুরু গত ১৩ আগস্ট। সেদিন নগরের এনায়েত বাজার এলাকার রানীর দীঘিতে গোসল করার সময় এক ব্যক্তি ড্রামটি শনাক্ত করেন। পরে পুলিশ ড্রাম কেটে ভেতর থেকে লাশ উদ্ধার করে। লাশ গলে যাওয়ায় তখন পরিচয় বের করা যায়নি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করে। এই মামলা তদন্ত করতে গিয়ে গত ৩১ আগস্ট ইমাম হোসেন ও শফিকুর রহমান নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাঁরা পুলিশকে বলেন, ড্রামের ভেতরে পাওয়া লাশটি অমিতের বন্ধু নগর যুবলীগের কর্মী ইমরানুলের। ৯ আগস্ট নগরের নন্দনকানন হরিশ দত্ত লেনের বাসায় ইমরানুলকে ডেকে নেন। এরপর বাসার ভেতরেই তাঁকে হত্যা করা হয়। ২ সেপ্টেম্বর কুমিল্লা সদরে একটি মাদকাসক্ত নিরাময়কেন্দ্র থেকে অমিত গ্রেপ্তার হন। পরদিন তিনি আদালতে জবানবন্দি দেন। এতে তাঁর স্ত্রীকে উত্ত্যক্ত করায় বন্ধু ইমরানুলকে খুন করা হয় বলে জানান।