অমিত হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বেসরকারি ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র অমিত সাহা হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূরউদ্দিন আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি হলেন আশফাক আহমেদ শিহাব ও আল-আমিন পিন্টু। আর যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন রুহুল আমিন রুবেল। এই তিনজনকে আজ কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল।

ওই আদালতের সরকারি কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ২০১২ সালের ২১ নভেম্বর রাজধানীর পল্লবীর বাসায় অমিত সাহাকে হত্যা করে লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। অমিত ইস্টার্ন বিশ্ববিদ‌্যালয়ের ব‌্যবসায় প্রশাসনের ছাত্র ছিলেন। ওই সময় তাঁর বাবা-মা বাসায় ছিলেন না। এ ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ পরের বছর আদালতে এই তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে বলা হয়, ওই বাসা থেকে মালামাল লুট করার জন্যই অমিতকে হত্যা করা হয়।