অমীমাংসিত বিষয় আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। সফররত ভারতের উপরাষ্ট্রপতি এম হামিদ আনসারীর সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে এই সৌজন্য বৈঠক হয়। বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ভারতের উপরাষ্ট্রপতিকে খালেদা জিয়া বলেছেন, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের জন্য সমস্যগুলো সমাধান হওয়া প্রয়োজন। তিনি বাংলাদেশ-ভারতের মধ্যে বিদ্যমান অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন।শমসের মবিন চৌধুরী জানান, বৈঠকে খালেদা জিয়া দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য সীমান্ত ও পানি সমস্যার সমাধান এবং বাণিজ্য-ঘাটতি কমানোর জন্য কার্যকর পদক্ষেপ নিতে ভারতের উপরাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান। তিনি ভারতের উপরাষ্ট্রপতিকে বলেছেন, দুটি প্রতিবেশী দেশের সম্পর্ক টেকসই করতে হলে সমস্যাগুলো সমাধান হওয়া উচিত। শমসের মবিন জানান, খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভারতের সংলাপ অব্যাহত রাখা এবং ভারতে বাংলাদেশি টেলিভিশন চ্যানেল দেখার অনুমতি দেওয়ার প্রস্তাব করেছেন। এ ছাড়া বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দীর্ঘদিন ভারতে বসবাস করেছেন। তাই নজরুলের জন্ম উৎসবও ভারতে উদ্যাপনের জন্য উপরাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন বিরোধীদলীয় নেতা। বৈঠকে অন্যান্যের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশে ভারতের হাইকমিশনার রজিত মিত্তার ও ভারতের উপরাষ্ট্রপতির স্ত্রী উপস্থিত ছিলেন। রবীন্দ্ররাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের উপরাষ্ট্রপতি ঢাকায় আসেন। তিনি গতকাল ভারতে ফিরে গেছেন।