অমীমাংসিত বিষয়গুলো সমাধানে ভারতকে দ্রুত এগিয়ে আসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি অমীমাংসিত ইস্যু সমাধানে দ্রুত এগিয়ে আসার জন্য ভারতের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন। তিনি অবিলম্বে তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। প্রধানমন্ত্রী বলেন, অমীমাংসিত ইস্যুগুলো সমাধানে ভারতের দ্রুত এগিয়ে আসা জরুরি, যাতে করে ঢাকা ও নয়াদিল্লি বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন ও বহু প্রত্যাশিত তিস্তা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরে কাজ করতে পারে। ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা ও অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী নাবাম টুকির নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে তার সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীরা একে অন্যের দেশ সফরের মধ্য দিয়ে এ সম্পর্ক এখন নতুন মাত্রা পেয়েছে। ভারতের অরুণাচল রাজ্য থেকে জলবিদ্যুৎ আমদানি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ অরুণাচল থেকে বিদ্যুৎ আমদানি অথবা যৌথ উদ্যোগে বিদ্যুৎ প্রকল্প স্থাপন করতে পারে। জবাবে ভারতীয় প্রতিনিধিদলের সদস্যরা জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের কারণে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। ভারতীয় প্রতিনিধিদলের সদস্যরা দুই দেশের কল্যাণে ঢাকা-আগরতলা সড়ক যোগাযোগ সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন। ন্যাম সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ: ইরান জোট নিরপেক্ষ আন্দোলনভুক্ত (ন্যাম) দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের ১৬তম সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে।সফররত এশিয়া ও ওশেনিয়াবিষয়ক ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর কাছে ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের আমন্ত্রণপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।