অমীমাংসিত বিষয়ের সুরাহা না হলে প্রশ্ন উঠতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম হুমায়ূন কবীর
এম হুমায়ূন কবীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফর এবং ভারত-বাংলাদেশ কূটনীতি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ূন কবীর

প্রথম আলো: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ দিল্লি সফরকে কীভাবে দেখেন?

এম হুমায়ূন কবীর: প্রধানমন্ত্রীর সর্বশেষ সফরে নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা প্রতিষ্ঠার মধ্য দিয়ে দুই প্রতিবেশীর সম্পর্ক আরও গভীরতা পেয়েছে। প্রতিরক্ষা, পারমাণবিক, মহাকাশের মতো ক্ষেত্রে সহযোগিতা আর নতুন করে সাড়ে চার শ কোটি ডলারের ঋণ সহায়তাকে বেশ ইতিবাচক মনে করি। আট-নয় বছর ধরে দুই দেশের সম্পর্কে যে বিশেষ মাত্রা যুক্ত হয়েছে, এই সফর তারই ধারাবাহিকতা। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তা ও বাণিজ্যের বিশেষ গুরুত্ব আছে। নিরাপত্তার ক্ষেত্রে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, সীমান্ত ব্যবস্থাপনা—এ বিষয়গুলোতে আট-নয় বছর ধরে সহযোগিতা প্রত্যাশার মাত্রা ছাড়িয়ে গেছে। কিন্তু ভারতের বাজারে বাংলাদেশের পণ্যের রপ্তানির সুযোগ থাকলেও তা সেভাবে হয়নি। প্রধানমন্ত্রী বাংলাদেশের পাটের ওপর কাউন্টার ভেইলিং ডিউটি না দেওয়ার অনুরোধ জানালে ভারতের পক্ষ থেকে সমস্যা সমাধানের প্রতিশ্রুতির পরিবর্তে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়। এটি দুই দেশের বাণিজ্য সম্পর্কের বাস্তব চিত্র বোঝার সাক্ষ্য দেয়। অর্থাৎ, সুযোগ থাকলেও নানা রকম প্রতিবন্ধকতার কারণে সাম্প্রতিক বছরগুলোতে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রত্যাশা অনুযায়ী বাড়েনি। তাই সম্পর্কের সুফল সাধারণ মানুষের মধ্যে দৃশ্যমান করা না হলে জনগণ সম্পর্কের সেই বিশেষ মাত্রা বুঝতে পারে না।

পানিসম্পদ ব্যবস্থাপনা দুই প্রতিবেশী দেশের সম্পর্কের বিশেষ জায়গা। তিস্তার পানি বণ্টন চুক্তি ২০১১ সাল থেকে ঝুলে আছে। এবারের সফরে ভারতের প্রধানমন্ত্রী চুক্তি সই নিয়ে তাঁর চেষ্টার কথা বলেছেন। আমি মনে করি, চুক্তি সইয়ের জন্য চেষ্টাই যথেষ্ট নয়। চুক্তিটি নিয়ে দেশের মানুষের প্রত্যাশা থাকায় এটি না হওয়ায় সম্পর্ক নিয়ে নেতিবাচক প্রভাব ফেলেছে। সম্পর্ক যখন গভীর ও সম্প্রসারিত হয়, সে সময়টাতে এ ধরনের অমীমাংসিত বিষয়ে অগ্রগতি না হলে লোকজনকে সম্পর্কের মাত্রা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ করে দেয়।

প্রথম আলো: তিস্তা চুক্তি সই নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর চেষ্টাই যথেষ্ট নয় বলছেন। তার মানে কি দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়টি সুরাহার জন্য ভারতের বাড়তি পদক্ষেপ নেওয়ার কথা বলছেন?

এম হুমায়ূন কবীর: অবশ্যই। ভারতের রাষ্ট্র পরিচালনায় অভ্যন্তরীণ জটিলতা আমরা কিছুটা হলেও বুঝতে পারি। স্থল সীমান্ত চুক্তিটির সমাধান ভারতের লোকসভা ও রাজ্যসভায় সর্বসম্মতভাবে হয়েছে। এখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর নেতৃত্বের প্রমাণ দিয়েছেন। তিস্তার ক্ষেত্রেও তাঁর সেই সুযোগ আছে। রাজনৈতিক সদিচ্ছার বহিঃপ্রকাশ ঘটালে অভিন্ন নদীটির পানি বণ্টন চুক্তিটি সইয়ের প্রক্রিয়ায় গতি পাবে।

প্রথম আলো: সম্পর্কের মাত্রা বোঝাতে জনগণের কাছে অগ্রগতি দৃশ্যমান করার একটা যোগসূত্র আছে। সে ক্ষেত্রে জনগণের মেলবন্ধনের জন্য যোগাযোগ ও ভিসা অবাধ করা জরুরি। এই সময়ে এ ক্ষেত্রে কতটা অগ্রগতি হয়েছে?

এম হুমায়ূন কবীর: ভারতের ভিসা প্রক্রিয়া খানিকটা সহজ হয়েছে। এটি লোকজনকে ভারতে যেতে আগ্রহী করে তুলেছে। তাই বাংলাদেশের লোকজনের ভিসা পাওয়ার সংখ্যাও বেড়েছে, যার প্রতিফলন আমরা বিমান, বাস ও ট্রেনের টিকিটে চাপ থেকে বুঝতে পারি। ভিসা প্রক্রিয়া আরও সহজ হলে আরও বিপুলসংখ্যক লোকজন যাওয়ার সুযোগ নিশ্চিত করবে।

প্রথম আলো: এবারের রোহিঙ্গা ঢল বাংলাদেশের জন্য নানামাত্রিক সংকট তৈরি করেছে। ভারতের সঙ্গে যেহেতু সম্পর্কটা এখন ভিন্ন মাত্রার, এই সমস্যা সমাধানে তাদের জোরালো সমর্থন আশা করা হয়েছিল। অথচ ভারতকে সেভাবে পাওয়া যায়নি। এটিকে কীভাবে মূল্যায়ন করবেন?

এম হুমায়ূন কবীর: বন্ধুত্বের ঐতিহাসিক ভিত্তি আর সাম্প্রতিক ঘনিষ্ঠতার কারণে নিকট প্রতিবেশী ভারতের কাছে এই সংকটে বিশেষ সহযোগিতার প্রত্যাশা ছিল। নিপীড়িত ও নিষ্পেষিত রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষে ভারত কথা বলবে, এটা বাংলাদেশ চেয়েছিল। এটা অস্বীকার করার উপায় নেই যে এই সমস্যার মানবিক, কৌশলগত ও রাজনৈতিক তাৎপর্য রয়েছে। ভারত হয়তো কৌশলগত দিকটিকে প্রাধান্য দিয়েছে। আর কৌশলগত কারণে বাংলাদেশ ও মিয়ানমারের কাছ থেকে সমদূরত্বে থাকাকে শ্রেয় মনে করেছে। বিশ্বের অন্যান্য রাষ্ট্র যখন কৌশলগত দিকের পরিবর্তে মানবিক ও নৈতিক দিককে প্রাধান্য দিয়েছে, আশা করব ভারতও এই সমস্যার আরও গভীরে গিয়ে তা উপলব্ধি করার চেষ্টা করবে।