অমীমাংসিত সমস্যা দ্রুত সমাধানের আশাবাদ
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও জোরদার করতে যত শিগগির সম্ভব দুই দেশের মধ্যকার অমীমাংসিত সব সমস্যা সমাধানের আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ১৯৭৪ সালের স্থলসীমানা চুক্তি ১৯৭৪ অনুমোদন এবং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিগত ঢাকা সফরকালে গৃহীত সিদ্ধান্ত ও স্বাক্ষরিত প্রটোকল বাস্তবায়নে যথাসাধ্য প্রচেষ্টা চালাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।ভারতের আইন, বিচার ও সংখ্যালঘু-বিষয়ক মন্ত্রী সালমান খুরশিদ গতকাল শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান। জবাবে ভারতের মন্ত্রী সালমান খুরশিদ বলেন, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সব চুক্তি, প্রটোকল ও সিদ্ধান্ত বাস্তবায়নে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং যত শিগগির সম্ভব এসব বিষয় বাস্তবায়নের চেষ্টা করা হবে। খবর বাসসের।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বিজন কুমার দেব সাংবাদিকদের বলেন, সালমান খুরশিদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে শেখ হাসিনার দৃঢ় অবস্থান এবং গণতান্ত্রিক নীতি ও মূল্যবোধ এগিয়ে নিতে তাঁর অব্যাহত পদক্ষেপের প্রশংসা করেছেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, সন্ত্রাসীদের কোনো সীমানা বা ধর্ম নেই। এ কারণে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান অব্যাহত থাকবে।’ প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদ এবং সব ধরনের জঙ্গিবাদ নির্মূলে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান। বাংলাদেশের বিভিন্ন খাতের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সালমান খুরশিদ বলেন, ‘আমরা বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ এবং জনগণের প্রতি সরকারের অঙ্গীকার লক্ষ করছি।’ পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সালমান খুরশিদের সফরসঙ্গী ভারতের পার্লামেন্ট সদস্য ভোলা সিং, সি এম চ্যাঙ ও মোহাম্মদ আদীপ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদুজ্জামান এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ এ সময় উপস্থিত ছিলেন।রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ: ভারতীয় মন্ত্রী সালমান খুরশিদ গতকাল গণভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সালমান খুরশিদ বলেন, তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়টি তাঁর সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। তিস্তা চুক্তির বিষয়টি দ্রুত সমাধান হবে আশা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘কাজের মধ্য দিয়ে আমরা প্রমাণ করব যে, আমরা বাংলাদেশের প্রকৃত বন্ধু।’রাষ্ট্রপতির কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় মন্ত্রীর সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদানের জন্য সে দেশের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। এ ছাড়া সম্প্রতি পণ্য রপ্তানির ক্ষেত্রে কর মওকুফের জন্যও তিনি ভারত সরকারকে ধন্যবাদ জানান। এ সময় ভারতীয় মন্ত্রী বলেন, তাঁর দেশ বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী।