অমুক্তিযোদ্ধাদের নাম তালিকায় ওঠানোর চেষ্টায় জেলা কমান্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মির্জাগঞ্জে অমুক্তিযোদ্ধাদের নাম মুক্তিযোদ্ধার তালিকায় তোলার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন উপজেলার একজন মুক্তিযোদ্ধা। তাঁর অভিযোগ, বিষয়টি সুগম করতে যাচাই-বাছাই কমিটি থেকে তাঁর নাম বাদ দেওয়ারও ষড়যন্ত্র করছেন জেলা কমান্ডার।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. ওয়াজেদ আলী গত শনিবার পটুয়াখালী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। এ সময় লিখিত অভিযোগে বলা হয়, ওয়াজেদ আলী ৪০ বছর ধরে মির্জাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডারের দায়িত্বে রয়েছেন। প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে সরকারের সব সনদ ও গেজেটে তাঁর নাম রয়েছে। এরপরও একটি মহল তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে ২০১৫ সালের ৮ নভেম্বর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ হালিম তাঁকে সাময়িক বরখাস্ত করেন। এর বিরুদ্ধে মামলা করলে আদালত তখন ওই বরখাস্ত স্থগিত করেন।
ওয়াজেদ আলী বলেন, তিনি থাকলে জেলা কমান্ডার এম এ হালিম ওই অমুক্তিযোদ্ধাদের নাম তালিকায় তুলতে পারবেন না। এ জন্য যাচাই-বাছাই কমিটি থেকে তাঁকে বাদ দিতে ষড়যন্ত্র করছেন।
অভিযোগের বিষয়ে জেলা কমান্ডার এম এ হালিম মুঠোফোনে বলেন, তদন্তে অর্থ আত্মসাৎসহ স্থানীয় মুক্তিযোদ্ধাদের বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মো. ওয়াজেদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়। যাচাই-বাছাই কমিটি থেকে ওয়াজেদকে বাদ দেওয়ার চেষ্টার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘বিষয়টি যেহেতু আদালতে গড়িয়েছে, তাই আদালতের সিদ্ধান্ত আমরা মেনে নেব।’