অমূলক ভয়ের কারণে পিটিয়ে মারা হলো অজগরটিকে
স্রেফ সচেতনতার অভাবে মারা পড়ল অজগরটি। টিলার ওপরের বন থেকে হয়তো খাদ্যের সন্ধানে রাতের আঁধারে পাশের লোকালয়ে নেমে এসেছিল সাপটি। আর সেটি দেখেই আতঙ্কিত কয়েকজন লোক চিৎকার-চেঁচামেচি শুরু করেন। ‘অজগর! অজগর নামছে!...মারো রে...’ এমন হাঁকডাক শুনে লাঠিসোঁটা নিয়ে জড়ো হয় এলাকার লোকজন। শেষ পর্যন্ত সুলপি-লাঠির ঘা আর ইটের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে প্রাণ হারাল নির্বীষ ও স্বভাবে মূলত শান্ত সরীসৃপটি। গত বৃহস্পতিবার মধ্যরাতে সিলেটের খাদিমপাড়া ইউনিয়নের ভাওয়ালিটিলা এলাকায় ঘটে এ ঘটনা।সিলেট কৃষি ট্রেনিং ইনস্টিটিউটের পাশের ঘন বনে আচ্ছাদিত টিলা স্থানীয়ভাবে ভাওয়ালি টিলা নামে পরিচিত। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার পরপরই বন থেকে অজগর নেমে আসার বিষয়টি লোকমুখে আশপাশে ছড়িয়ে পড়ে। রাত প্রায় সাড়ে ১২টায় একদল স্থানীয় লোক লাঠিসোঁটা আর ধারালো অস্ত্র নিয়ে অজগরের খোঁজে বের হন। ঘণ্টাখানেক পর তাঁরা দেখা পেয়েই সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। রাত প্রায় একটায় খাদিমপাড়া গিয়ে দেখা যায়, ১০ থেকে ১২ ফুট লম্বা মৃত অজগরটি রাস্তায় ফেলে রাখা হয়েছে। খাদিমপাড়া সোনারতরী শিশু পাঠাগারের পরিচালক প্রবীর দেবনাথ প্রথম আলোকে জানান, স্থানীয় কিছু লোককে নিয়ে অজগরটিকে বাঁচানোর চেষ্টা করে তিনি ব্যর্থ হন। প্রবীর জানান, মাথায় ও শরীরের মধ্যভাগে গুরুতর আঘাত পাওয়ায় আহত সাপটি খুব অল্প সময় বেঁচে ছিল। মৃত অজগরকে একটি গর্ত করে পুঁতে রাখা হয়।প্রবীর দেবনাথ বলেন, ‘এ অজগরকে গৃহস্থ ঘরে উলুফুরা বলে ডাকা হয়। এর অর্থ হচ্ছে “ক্ষতিকর নয়”। কিন্তু এর পরও নিরীহ বন্য প্রাণীকে মানুষ হত্যা করে।’প্রবীর জানান, গত ১ জানুয়ারি এর পাশের লোকালয়েই স্থানীয় বড়জান চা-বাগান থেকে একটি অজগর নেমে এসেছিল। কিন্তু ওই এলাকার লোকজন তখন সাপটিকে না মেরে কৌশলে ধরে বন বিভাগের কাছে তুলে দিয়েছিলেন। সিলেট বিভাগীয় বন সংরক্ষক (ডিএফও) ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সদস্যসচিব মো. দেলওয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘অজগর একটি শান্ত ও সহনশীল প্রাণী। সচরাচর লোকালয়ে নামে না। এ অজগরটি হয়তো গরম ও খাদ্য সংগ্রহ—এ দুটো কারণে লোকালয়ে নেমে এসেছিল। কিন্তু এভাবে মারা ঠিক হয়নি।’ডিএফও জানান, লোকালয়ে নামলেও অজগর তার পছন্দের খাদ্যের সন্ধানে নীরবে বিচরণ করে। মানুষের ক্ষতি করে না। বৃহত্তর সিলেট অঞ্চলে চা-বাগান বা বন থেকে কালেভদ্রে জনসমক্ষে চলে আসা অজগরকে বেশির ভাগ সময়ই পিটিয়ে মেরে ফেলা হয়।