নোয়াখালীর সোনাইমুড়ীর অম্বনগরে সহকারী পুলিশ সুপারের (এএসপি-বেগমগঞ্জ সার্কেল) গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) এস এম রুহুল আমিন। গতকাল বুধবার সকালে তিনি ওই গ্রামে যান। এ সময় তিনি ওই গ্রামে সহকারী পুলিশ সুপারের (এএসপি) নেতৃত্বে পুলিশের গ্রেপ্তার অভিযান, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও সদস্যদের দায়িত্ব পালনের বিষয়ে খোঁজখবর নেন। নোয়াখালীর ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মাহবুব রশীদ এর সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে অম্বনগর গ্রামে গতকাল পর্যন্ত গ্রেপ্তার-আতঙ্ক কাটেনি। এ কারণে গ্রামের বেশির ভাগ বাড়িই বর্তমানে পুরুষশূন্য। এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘গতকাল ওই এলাকায় আসামি গ্রেপ্তারে কোনো অভিযান পরিচালনা করা হয়নি। অভিযান চালানো হলেও কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন সেদিকে খেয়াল রাখা হবে।’ গত রোববার দিবাগত রাত দেড়টায় সেনবাগ থানার একটি হত্যা মামলার সন্দেহভাজন এক আসামিকে ধরতে এএসপি সার্কেলের নেতৃত্বে একদল পুলিশ সোনাইমুড়ীর অম্বনগর গ্রামের বড়বাড়িতে যান। গৃহকর্তা পুলিশকে ঘরের দরজা খুলে না দিয়ে আশপাশে ডাকাত এসেছে মর্মে খবর পাঠান। এ সময় লোকজন উত্তেজিত হয়ে ওই বাড়িতে এসে পুলিশ সদস্যদের অবরুদ্ধকরে রাখে এবং বাড়ির সামনে থাকা এএসপি সার্কেলের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।