অযত্ন অবহেলায় পড়ে আছে সিরাজগঞ্জের স্বাধীনতা স্কয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ শহরের বাজার রেলস্টেশন চত্বরে নির্মিত স্বাধীনতা স্কয়ার অযত্ন ও অবহেলায় পড়ে আছে। মানুষ ওই চত্বরে যত্রতত্র প্রস্রাব করছে, লাগানো হচ্ছে সিনেমার পোস্টার। এ ছাড়া চত্বরের পাশেই বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড ও বিভিন্ন দোকান তৈরি করায় এর সৌন্দর্য নষ্ট হচ্ছে।পৌরসভা সূত্রে জানা গেছে, মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর সেনানিদের শ্রদ্ধার স্মারক হিসেবে জেলা প্রশাসন ও পৌরসভার পৃষ্ঠপোষকতায় ২০০৩ সালে এটি নির্মাণ করা হয়। প্রায় ১০ বছর অতিবাহিত হলেও চত্বরটির কোনো সংস্কার করা হয়নি। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করায় মঞ্চের অবকাঠামোর বিভিন্ন স্থান ভেঙে যাচ্ছে। এ ছাড়া ম্যুরালের পলেস্তারা খসে পড়ছে। এতে শৈল্পিক স্থাপনাটির সৌন্দর্য ম্লান হতে বসেছে। এই চত্বরকে এখন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন সভা-সমাবেশ করার উপযুক্ত স্থান হিসেবে ব্যবহার করছে।সরেজমিনে দেখা যায়, চত্বরের চারদিকে সীমানাপ্রাচীর ও রেলিং না থাকায় গরু, ছাগল, কুকুর ও বিড়াল সেখানে অবাধে বিচরণ করছে। পাশেই গড়ে উঠছে বিভিন্ন ধরনের অস্থায়ী ব্যবসাপ্রতিষ্ঠান। ভ্রাম্যমাণ হকারদের স্থায়ী ঠিকানা যেন এই চত্বর। ফলবিক্রেতা, কবিরাজি ওষুধ, জামা-কাপড় বিক্রেতাসহ বিভিন্ন ব্যবসায়ী এখানে বিভিন্ন পণ্য বিক্রি করছেন।স্থানীয় রফিকুল ইসলাম জানান, সংরক্ষিত না থাকায় রাতের আঁধারে মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হয় এই চত্বর। রাতে অনেকে এখানে মলমূত্র ত্যাগ করে। স্বাধীনতা স্কয়ারের ম্যুরাল ও এর আশপাশে পোস্টার সাঁটানো নিষেধ থাকলেও সিনেমাসহ বিভিন্ন ধরনের পোস্টার ও প্রচারপত্র লাগানো হচ্ছে। এতে করে ম্যুরালের তাৎপর্য ও সৌন্দর্য ঢাকা পড়ছে।বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সিরাজগঞ্জ জেলা সমন্বয়ক নবকুমার কর্মকার বলেন, এটি পরিকল্পিতভাবে নির্মাণ করা হয়নি। বর্তমানে এই চত্বর যানবাহনের পার্কিং স্থান হিসেবে ব্যবহূত হচ্ছে। সিএনজিচালিত অটোরিকশা, মিনি ট্রাক, বিভিন্ন ওষুধ কোম্পানি ও বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহ করার গাড়িগুলোকে প্রায়ই দেখা যায় চত্বরে পার্কিং অবস্থায় আছে। এর আশপাশের চায়ের দোকান ও হোটেলগুলোর নোংরা পানি ও আর্বজনা ফেলা হচ্ছে এই চত্বরে। দিনের বেলায়ও স্থাপনাটির গা ঘেঁষে অনেকে মলমূত্র ত্যাগ করছে। তিনি আরও বলেন, নামেই শুধু এটি স্বাধীনতা স্কয়ার, কিন্তু এখানে স্বাধীনতার কোনো ছোঁয়া নেই। এ বিষয়ে পৌরসভার মেয়র মো. মোকাদ্দেস আলী বলেন, ‘স্বাধীনতা স্কয়ারের সৌন্দর্য বৃদ্ধির জন্য কার্যকর পরিকল্পনা রয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে আমরা চত্বরটিকে প্রাচীর দিয়ে ঘিরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ ছাড়া এটি সংস্কার করে সুসজ্জিত ও অত্যাধুনিক করে গড়ে তোলা হবে। তদারকির জন্য নিরাপত্তাপ্রহরীও নিয়োগ দেওয়া হবে।’