অযত্ন অবহেলায় বলধা গার্ডেন

রাজধানীর ওয়ারীর ঐতিহ্যবাহী বলধা গার্ডেন পরিবেশগত সৌন্দর্য, গৌরব সবই প্রায় হারাতে বসেছে। এখন পুরো বাগানজুড়ে অযত্ন আর অবহেলার ছাপ। শিক্ষার্থীদের শিক্ষাসফরের আদর্শ স্থানের বৈশিষ্ট্য হারিয়ে বাগানটি এখন বখাটেদের আড্ডাখানা।
গত শনিবার বাগান এলাকা ঘুরে এমন অবস্থাই দেখা যায়। বেলা ১১টা থেকে একটা পর্যন্ত বাগান এলাকায় কোনো নিরাপত্তাকর্মীকে খুঁজে পাওয়া যায়নি। এলাকাবাসীর অভিযোগ, বলধা গার্ডেনকে ঘিরে এলাকায় অসামাজিক কার্যক্রম বেড়েছে। বাগানের বাইরে পুলিশ থাকলেও নিয়মিত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ১০ টাকায় টিকিট কেটে ‘নিরাপদ স্থান’ হিসেবে তরুণ-তরুণীরা ঘণ্টার পর ঘণ্টা অবস্থান করে। তবে কিছু বখাটে এদের দুর্বলতার সুযোগ নিয়ে মুঠোফোন, ঘড়ি, টাকা-পয়সা হাতিয়ে নেয়।
বলধা গার্ডেন-সম্পর্কিত বিভিন্ন ইতিহাসগ্রন্থ থেকে জানা যায়, বিখ্যাত এই বাগানের মালিক ছিলেন বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী। উনিশ শতকের শেষের দিকে এটি ছিল সেই জমিদারের বাগানবাড়ি। ‘বলধা’ নাম থেকেই বলধা গার্ডেনের নামকরণ বলে ধারণা করা হয়। দুটি ভাগে বিভক্ত বলধা গার্ডেনের আট শ প্রজাতির প্রায় ১৮ হাজার গাছ ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও বিভিন্ন গাছের বাংলা নামকরণ করেছিলেন। জানা যায়, নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নানারকম ফুলগাছ ও অন্যান্য উদ্ভিদ এনে রোপণ করেন এ বাগানে। যার জন্য বাগানটি প্রকৃতপক্ষে হয়ে ওঠে ফুল ও উদ্ভিদের জাদুঘর।
সোয়া তিন একরের বলধা গার্ডেনের ‘সিবিলী’ (প্রকৃতির দেবী) অংশের মূল আকর্ষণ ছিল শংখনদ, পুকুর, ক্যামেলিয়া, অশোক, আফ্রিকান টিউলিপসগাছ, সূর্যঘড়ি, জয় হাউস। কবিগুরু এই জয় হাউসে বসে ক্যামেলিয়া ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বিখ্যাত ‘ক্যামেলিয়া’ কবিতাটি লিখেছিলেন বলে ইতিহাসে উল্লেখ আছে।
সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে বলধা গার্ডেন। টিকিট কেটে সিবিলী অংশেই ঢোকা যায়। দেখা যায়, চলাচলের পথেই ধুলোবালিতে ভর্তি পাতার স্তূপ। জানা গেল, পরিষ্কারের দায়িত্ব যাঁদের, তাঁরা বাগানের বাইরে দোকান খুলে বসেছেন। সূর্যঘড়ি কাজ করছে না। কারণ, সূর্য ও আলো আড়াল করে আশপাশে বিশাল অট্টালিকা গড়ে উঠেছে।
সিবিলীতে ঘাটবাঁধানো সুরম্য পুকুরটির পানির রং বিবর্ণ। ভেসে বেড়াচ্ছে দুর্গন্ধ। পর্যটকদের কাছে এই পুকুরের আমাজান লিলি ছিল অত্যন্ত দর্শনীয়। কিন্তু কয়েক বছর আগেই এটি এখান থেকে হারিয়ে গেছে বলে জানা যায়। পাতা মরে যাচ্ছে অনেক গাছের। বিচিত্র পাতাবাহার তার সৌন্দর্য হারিয়ে ফেলেছে। পুকুরের ঘাটের সিঁড়ির পাশে ‘কাজুবাদাম’ গাছটির এমন অবস্থা হয়েছে যে চেনাই যায় না। ‘বন সুপারি’ অনেকটাই পরিচর্যাহীন। ‘ক্যামেলিয়া ঘরের’ পাশে বাগানের একমাত্র গাছ ‘গড় সিঙ্গা’ কালের সাক্ষী হয়ে আছে। গাছটি ঘিরে বখাটেরা এমনভাবে বসে থাকে যেকোনো সময় এটি মরে যাবে। পুকুরের ঘাটের পাশের রাস্তার প্রান্তসীমায় ‘লতাজবা’ গাছের পাতাগুলো যার খুশি সেই ছিঁড়তে পারে। ‘কানাঙ্গা’ ‘রাজ অশোক’ গাছের প্রতিও বাড়তি কোনো যত্ন নেই। রাস্তা সংস্কার করতে গিয়ে ‘প্যাপিরাজ’ নামের একটি গাছ বাইরে ফেলে দেওয়া হয়েছিল বলেও জানা যায়।
প্রকৃতি নিয়ে কাজ করেন মোকারম হোসেন। প্রথম আলোকে তিনি জানান, সঠিক পরিচর্যার অভাবে প্রতিবছরই এ বাগানের বিরল প্রজাতির দু-চারটি গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। এসব গাছ রক্ষা করতে পরিচর্যা ছাড়াও ঢাকার বাইরে এগুলোর চারা দিয়ে আরেকটি বলধা গার্ডেন করার প্রস্তাব করেন তিনি।
বাগানের অপর অংশ ‘সাইকী’র (আত্মা) প্রধান আকর্ষণ ছিল নানা বর্ণের শাপলায় ভরা শাপলা হাউস, বিরল প্রজাতির দেশি-বিদেশি ক্যাকটাস, অর্কিড, অ্যানথুরিয়াম, ভূজ্জপত্রগাছ, বিচিত্র বকুল, আমাজান লিলি, সুড়ঙ্গসহ একটি ছায়াতর ঘর। কিন্তু অনেক দিন ধরে এই অংশটি বন্ধ করে রাখা হয়েছে। ভেতরেই ঢাকা ওয়াসার পানির পাম্পস্টেশন বসানো হয়েছে। ভেতরে ফুল ও অন্যান্য গাছ সুরক্ষার সম্পূর্ণ বাইরে। একটি বেঞ্চ রয়েছে বসার কিন্তু এর এমন দশা হয়েছে বসলেই পড়ে যেতে হবে। এখানে-সেখানে জন্মেছে বেঢপ কচুগাছ।
পরিবেশ বাঁচাও আন্দোলনসহ (পবা) বিভিন্ন পরিবেশবান্ধব সংগঠন কয়েক বছর আগে বাগানের চারদিকে বড় অট্টালিকা না করার দাবিতে বিক্ষোভ করেছিল। পবার চেয়ারম্যান আবু নাসের খান বলেন, তাঁদের আন্দোলনকে মূল্য দিলে বলধা গার্ডেনকে সুরক্ষা করা যেত। বিরল প্রজাতির অনেক গাছ হারিয়ে যেত না।
১৯৬২ সালে বন বিভাগ বাগানটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পায়। দেশ স্বাধীন হওয়ার পর একে জাতীয় উদ্যানের সমান গুরুত্ব পাওয়ার যোগ্য বলেও মনে করা হতো।
বন বিভাগের প্রধান বন সংরক্ষক ইউনুস আলী বলেন, বলধা গার্ডেনের বিষয়ে অভিযোগগুলো পর্যালোচনা করতে তিনি শিগগিরই সেখানে যাবেন। দেখেশুনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।