অযত্ন-অবহেলায় বেহাল পার্ক

অযত্ন-অবহেলায় রাজধানীর বেশির ভাগ পার্কের অবস্থাই বেহাল। নষ্ট হয়ে গেছে পরিবেশ, ভবঘুরে আর বাউণ্ডুলেদের আড্ডার স্থানে পরিণত হয়েছে পার্কগুলো। নিজেদের তত্ত্বাবধানে থাকা বেহাল পার্কগুলোর উন্নয়নে এই অর্থবছরে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ১২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এ ছাড়া নিজেদের এলাকার পার্ক ও মাঠগুলোর উন্নয়নে ৫৫ কোটি টাকার সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট একটি বিশেষ প্রকল্পও হাতে নিয়েছে ডিএনসিসি।
প্রতিবছরই পার্ক উন্নয়নে সিটি করপোরেশন বেশ কিছু টাকা বরাদ্দ রাখলেও পার্কগুলোর অবস্থার খুব একটা পরিবর্তন হয় না। তাই বরাদ্দ থাকলেও পার্কের উন্নয়ন কতটা হবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন নগরবিদেরা।
ডিএনসিসির অধীনে কাগজে-কলমে ২১টি পার্ক রয়েছে। মোহাম্মদপুরের ইকবাল রোড মাঠ পার্ক, ফার্মগেট ত্রিকোণ পার্ক, শেরশাহ সুরি লেন পার্ক, তাজমহল রোড পার্ক, লালমাটিয়া ডি-ব্লক পার্ক, হুমায়ুন রোড পার্ক, মোহাম্মদপুরের টাউন হল শহীদ পার্কসহ বিভিন্ন এলাকায় থাকা পার্কগুলো পড়ে আছে অযত্নে। পার্ক ঘিরে গড়ে উঠেছে অনেক দোকানপাট। অধিকাংশ পার্কে বসার মতো জায়গা নেই। যেখানে বসার সুযোগ আছে, সেখানকার বেঞ্চগুলোও ভাঙা।
মোহাম্মদপুরের তাজমহল রোডের সি-ব্লকের তাজমহল রোডের পার্কটি ১৯৯৭ সালের পরে আর সংস্কার হয়নি। গতকাল সোমবার দেখা যায়, পার্কের সর্বত্রই অযত্ন-অবহেলার ছাপ। পার্কের ঠিক মাঝখানে ফোয়ারা। মরচে ধরা ও ভাঙা যন্ত্রাংশ দেখে বোঝার উপায় নেই শেষ কবে এটি পানি ছড়িয়েছে। পার্কজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা। বসার জায়গাগুলোয়ও জমেছে শেওলা।
এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, একসময় পার্কটিতে শিশুরা খেলত, নারী-পুরুষেরা সকাল-বিকেল হাঁটার সুযোগ পেতেন। বর্তমানে এটি আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। হাঁটার ব্যবস্থা করে বাচ্চাদের খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনলে এলাকার লোকজনের সময় কাটানোর সুযোগ হবে।
মোহাম্মদপুরের টাউন হল শহীদ পার্ক মাঠে গিয়ে দেখা যায়, পাশের বাজারের লোক, পথচারী, খেলতে ও আড্ডা দিতে আসা লোকজন প্রয়োজনে মাঠের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব কোনায় প্রস্রাব করছেন। নষ্ট হচ্ছে পরিবেশ, ছড়াচ্ছে দুর্গন্ধ।
প্রতিবছরই পার্ক উন্নয়নে সিটি করপোরেশন বেশ কিছু টাকা বরাদ্দ রাখে। ডিএনসিসি তাদের ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে এই খাতে সাড়ে সাত কোটি টাকা বরাদ্দ রেখেছিল। কিন্তু সংশোধিত বাজেটে দেখা যায়, খরচ করা হয়েছে মাত্র দুই কোটি টাকা। এবার পার্ক উন্নয়নে সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প এবং নিজেদের বরাদ্দ মিলিয়ে মোট বরাদ্দ হয়েছে ৬৭ কোটি টাকা।
বরাদ্দ থাকলেও পার্কগুলোর অবস্থার খুব একটা পরিবর্তন হয় না। এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব প্রথম আলোকে বলেন, বরাদ্দ আর উন্নয়নের মাঝে ঐকান্তিকতার অভাব থাকে। সিটি করপোরেশনের উচিত কোন পার্ক কত দিনে, কত টাকায়, কোন নকশায় উন্নয়ন হবে তা সুনির্দিষ্ট করে জানিয়ে দেওয়া।
এ বিষয়ে ডিএনসিসির পরিবেশ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারিক বিন ইউসুফ প্রথম আলোকে বলেন, গুলশান, বনানী ও মোহাম্মদপুর এলাকার চারটি পার্কের উন্নয়নে নকশা প্রণয়নের কাজ চলছে। উত্তরা-৭ নম্বর সেক্টরের পার্কের উন্নয়নকাজ কয়েক দিনের মধ্যে শুরু হচ্ছে। কিছু পার্কের জায়গা অবৈধ দখল হয়ে গেছে। সেগুলোয় সীমানাপ্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।