ঝালকাঠির রাজাপুর উপজেলার বামনকাঠি গ্রাম। পাশ দিয়ে বয়ে গেছে ধানসিঁড়ি নদী। নদীতীরের গ্রামটিতে একটি পরিত্যক্ত ভিটায় রয়েছে কিছু গাছপালা। পুকুর থাকলেও ঘাট ভাঙাচোরা। স্থানীয়ভাবে এটি ‘দাশের ভিটা’ নামে পরিচিত। এটাই রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের পৈতৃক ভিটা। বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃৎ এই কবির ৬২তম মৃত্যুবার্ষিকী আজ।
জীবনানন্দ দাশের শৈশব-কৈশোর এমনকি যৌবনের অনেক সময় পার হয়েছে বামনকাঠি গ্রামে। তাঁর পৈতৃক ভিটা দেখতে আসেন দেশ-বিদেশের পর্যটক। তবে এই বিরান ভিটা দেখে হতাশ হওয়া ছাড়া তাঁদের আর কোনো উপায় থাকে না।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ভিটির ধ্বংসপ্রাপ্ত কাঠামো কোনোমতে দাঁড়িয়ে আছে। কিছু গাছপালা এবং একটি ঘাট বাঁধানো পুকুর ছাড়া অবশিষ্ট আর কিছুই নেই।
বামনকাঠি এলাকার রমজান আলী (৭০) বলেন, ৩০ বছর আগেও দাশের বাড়িতে অধি দাশ ও ভোলা দাশ নামে কবির দুই জ্ঞাতি সপরিবার বসবাস করতেন। তখন একটি ডাকাতির ঘটনায় দুই ডাকাত গণপিটুনিতে নিহত হওয়ার পর তাঁরা পুলিশি হয়রানির ভয়ে ঘরবাড়ি বিক্রি করে ভারতে চলে যান। এরপর থেকে ছাড়া ভিটায় পরিণত হয়েছে কবির জন্মস্থান।
এলাকার আরেক প্রবীণ আলী শিকদার বলেন, ‘ঢাকা ও কলকাতা থেকে বহু লোক কবির বাড়ি দেখতে আসেন। কিন্তু তাঁরা শুধু জঙ্গল দেখে ফিরে যান। আমরা বিব্রত হই।’ একটি স্মৃতিফলক স্থাপন করে এটি সংরক্ষণের উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।
জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্য নিয়ে এক যুগের বেশি সময় ধরে গবেষণা করছেন রাজাপুর ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. সোহরাব হোসেন। তাঁর দাবি, কবির ‘আবার আসিব ফিরে’ কবিতায় উল্লেখ করা তিনটি নদী ধানসিঁড়ি, রুপসিয়া ও জাঙ্গালিয়ার অবস্থান কবির জন্মভিটার কাছেই। বেশ কয়েক বছর ধরে ঘেঁটে জানতে পেরেছি, কবির পূর্বপুরুষদের নিবাস ছিল ফরিদপুরে। কিন্তু সেখানে নদীভাঙনের শিকার হয়ে কবির বাবা ও দুই চাচা ঝালকাঠির বামনকাঠি গ্রামের সেন বাড়িতে আশ্রয় নেন এবং এখানেই কবির জন্ম হয়।
জীবনানন্দ দাশের কবিতায় ধানসিঁড়ি নদীর রূপ-লাবণ্যের কথা উঠে এসেছে। ধানসিঁড়ি নদী পরিচিতি পায় দেশ-বিদেশে। কিন্তু কবির স্মৃতিবিজড়িত সেই নদী এখন মরাখাল। একসময়ের খরস্রোতা ধানসিঁড়ি নাব্যতা হারিয়ে ও দুপাশ দখলে সংকুচিত হয়ে গেছে। ধানসিঁড়ি নদীটি রাজাপুরের বাগড়ি বাজার থেকে ঝালকাঠির সুগন্ধা নদীতে গিয়ে মিশেছে। এ ছাড়া জীবনানন্দ দাশের বাড়ির উত্তর দিক দিয়ে আরেকটি নদী প্রবাহিত ছিল। এই নদীর নাম রুপসিয়া। রাজাপুর বাজার থেকে প্রায় আট কিলোমিটার দৈর্ঘ্যের যে নদীটি বিষখালী নদীতে মিশেছে, সেটির নাম জাঙ্গালিয়া। এই তিনটি নদীই এখন প্রায় মৃত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. রফিকুল ইসলাম বলেন, রূপসী বাংলার কবিকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে উদ্যোগ নেওয়া হচ্ছে। শিগগিরই তাঁর পৈতৃক ভিটা সংরক্ষণের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ে লিখিত আবেদন করা হবে। এ ছাড়া পুনরায় ধানসিঁড়ি নদী খননের উদ্যোগ নেওয়া হবে।