অযত্নে নগর জাদুঘর
ঢাকার প্রথম ছাপাখানা ও নবাবি আমলের হুক্কার ওপর জমেছে ধুলার আস্তরণ। উনিশ শতকে ঢাকার নবাবদের ব্যবহৃত পানের বাটাটিরও একই দশা। ঢাকার দুর্লভ আলোকচিত্র, নবাবদের ব্যবহার্য বিভিন্ন আসবাবের অবস্থাও বেহাল। এই চিত্র ঢাকার নগর জাদুঘরের। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কার্যালয় নগর ভবনের সাততলায় জাদুঘরটি অবস্থিত।
জাদুঘর সূত্র জানায়, এখানে থাকা ছাপাখানাটি আঠারো শতকের মাঝামাঝি সময়ের। ঢাকা থেকে প্রকাশিত বাংলাদেশের প্রথম ইংরেজি সংবাদপত্র সাপ্তাহিক ঢাকা নিউজ মুদ্রণের জন্য মুদ্রণযন্ত্রটি আমদানি করা হয়েছিল। জাদুঘরের ভেতরে সাজানো নবাবি আমলের মুদ্রা, পানদানি, তামার বালতি, জগ, ড্রেসিং টেবিল, শাঁখা ও শাঁখা তৈরির করাত, বদনা ইত্যাদি রয়েছে। চতুর্থ উইলিয়াম, রানী ভিক্টোরিয়া, সপ্তম এডওয়ার্ড, পঞ্চম জর্জ, ষষ্ঠ জর্জ, সম্রাট আকবর ও শাহজাহানের আমলসহ বিভিন্ন আমলের কিছু মুদ্রা আছে এখানে। দুর্লভ আলোকচিত্রের মধ্যে আছে পুরান ঢাকার রোজ গার্ডেন, রূপলাল হাউস, হোসেনী দালানের আদি রূপায়ণ, বড় কাটরা, ছোট কাটরা, সাতগম্বুজ মসজিদ, উনিশ শতকে নির্মিত বিভিন্ন বাড়ি, সেন্ট জেমস গির্জা (বর্তমান বাহাদুর শাহ পার্কের কাছে), পুরোনো হাইকোর্ট ভবন, ১৯০৪ সালে দিলকুশার নবাববাড়ি, ডানা দিঘি প্রভৃতি। এই জাদুঘরে ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং একাত্তরের মুক্তিযুদ্ধের বেশ কিছু দুর্লভ আলোকচিত্র ও পোস্টারও রয়েছে।
জাদুঘরটিতে ঢাকার ঐতিহাসিক মূল্যবান উপকরণ থাকলেও তা রক্ষণাবেক্ষণের যথাযথ ব্যবস্থা নেই। জাদুঘরের দক্ষিণ দিকের জানালা খোলা থাকায় হু হু করে বাতাস আসে। সেই সঙ্গে আসা ধুলো জমছে জাদুঘরের বিভিন্ন উপকরণের ওপর। বিবর্ণ হয়ে গেছে আলোকচিত্রগুলো। কোনো কোনোটিতে পড়েছে ফাঙ্গাস। জাদুঘরের নিরাপত্তাকর্মীদের দেখা গেল বসে গল্প করতে। তাঁরা জানালেন, গত তিন মাসে মাত্র কয়েকজন এই জাদুঘরে এসেছেন। টিকিটের মূল্য মাত্র দুই টাকা হলেও প্রচার ও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে লোকজন তেমন আসে না।
জাদুঘরটি দেখতে এসেছিলেন আরমানিটোলার স্থায়ী বাসিন্দা কামরুল ইসলাম। তিনি জানালেন, কোনো কাজে সিটি করপোরেশনে এলে তিনি চেষ্টা করেন একবার জাদুঘরে ঢুঁ মারতে। কিন্তু অব্যবস্থাপনা দেখলেই মন খারাপ হয়ে যায়। তিনি বলেন, ‘আমার ইচ্ছা করে, অন্য জেলা ও বিদেশের মানুষকে এখানে নিয়ে এসে দেখাই। আমাদের ঢাকাতেও নবাব ছিল।’
এখানে থাকা দর্শকদের খাতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লিখেছেন, দিলকুশা নবাববাড়ি ও দিলকুশা দিঘির ছবির ক্যাপশন উল্টাপাল্টা, অন্যান্য ছবির ক্যাপশনও ঠিক নেই, অনেক ছবির পরিচিতি নেই, বাংলা ভাষার পাশাপাশি ইংরেজিতে ক্যাপশন লেখার দাবি তাঁর।
মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে আসা কাব্য নামে এক দর্শনার্থী লিখেছেন, জাদুঘরের এই দৈন্য অবস্থা যেকোনো সচেতন মানুষকে আহত করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এক ছাত্রী লিখেছেন, জাদুঘরে কোনো শৌচাগার না থাকা দুঃখজনক।
জাদুঘরের দায়িত্বে থাকা তত্ত্বাবধায়ক ভূপেন্দ্রনাথ চক্রবর্তী জানান, ‘অনেক দিন ধরেই আমরা জাদুঘর রক্ষণাবেক্ষণের আবেদন জানিয়েছি। অনেকে টয়লেটের কথা জিজ্ঞাসা করে, আমার লজ্জা পাওয়া ছাড়া কিছুই করার থাকে না।’
প্রতিক্রিয়া জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ‘আমরা অনেক ঐতিহ্যবাহী উপকরণ রেখে এসেছিলাম, সেগুলো রক্ষণাবেক্ষণের অভাবে পোকায় খেয়ে ফেলেছে। সিটি করপোরেশনকে বারবার বলা হয়েছে এটি নিচতলায় নিয়ে আসার জন্য।’ তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ‘আমরা ধ্বংসে বিশ্বাসী, তাই নিজেদের ঐতিহ্য নিজেরাই ধ্বংস করছি।’