অযত্নে নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অযত্ন-অবহেলায় মংলা বন্দরের কয়েক কোটি টাকার স্থাপনা নষ্ট হচ্ছে। দীর্ঘ ছয় বছর ধরে সংস্কার না করা এবং সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে বন্দরের ৭৫টি পাকা-আধা পাকা ভবনের অধিকাংশই এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ।
মংলা বন্দর কর্তৃপক্ষের সম্পত্তি শাখা সূত্রে জানা গেছে, বন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের বসবাসের জন্য আশির দশকের মাঝামাঝি থেকে নব্বইয়ের শেষ ভাগ পর্যন্ত ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ডের অর্থায়নে পর্যায়ক্রমে ৭৫টি পাকা-আধা পাকা ভবন নির্মাণ করা হয়। এর মধ্যে দুটি ছয়তলা ভবন, সাতটি পাঁচতলা ভবন, দুটি তিনতলা ভবন, ১৪টি দোতলা ভবন, ৩০টি একতলা ভবন ও ২০টি আধা পাকা (টিনশেড) ভবন নির্মাণ করা হয়। এগুলোর মধ্যে একটি মিলনায়তন, একটি হাসপাতাল ও একটি স্কুল রয়েছে। এই ভবনগুলো ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ডের অধীনে ছিল। কিন্তু¦ ২০০৮ সালে রাষ্ট্রপতির এক অধ্যাদেশে মংলা ও চট্টগ্রাম বন্দরের ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ড বিলুপ্ত ঘোষণা করা হয়। এর পর থেকে ভবনগুলো বন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে চলে যায়। তবে কর্তৃপক্ষ ছয় বছরেও এ ভবনগুলোর কোনো সংস্কার বা রক্ষণাবেক্ষণ করেনি।
সরেজমিনে দেখা গেছে, ৭৫টি ভবনের অধিকাংশই পরিত্যক্ত অবস্থায় আছে। এগুলোর দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। জানালার কাচ-গ্রিল-কাঠ নেই। দরজা ভাঙা। কার্নিশগুলো ভেঙে পড়ছে। চারপাশের দেয়ালে বড় বড় গাছ হয়েছে। টিনশেড ভবনগুলোর ওপরে টিন নেই। অধিকাংশ ভবনেই ঝুঁকিপূর্ণ স্থাপনার সাইনবোর্ড টাঙানো। শুধু শ্রমিক মিলনায়তন, স্কুল ও হাসপাতালের ভবন তিনটি ভালো আছে। হাসপাতালে এখন মংলা থানার কার্যক্রম চলছে।
বিলুপ্ত শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক আবদুল খালেক মো. সাহাবউদ্দিন বলেন, মংলা ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ডের নিয়ন্ত্রণে থাকার সময় ভবনগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ করা হতো। ২০০৮ সালে বোর্ড বিলুপ্ত ঘোষণার পর বন্দর কর্তৃপক্ষ ছয় বছরে যদি এসব ভবনের সামান্য সংস্কারও করত, তাহলে দুরবস্থা হতো না। উদাসীনতার কারণে বন্দর কর্তৃপক্ষের কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস হওয়ার পথে।
মংলা বন্দরের পণ্য খালাস ও বোঝাই স্টিভেডর প্রতিষ্ঠান নুরু অ্যান্ড সন্সের মালিক হোসাইন মোহাম্মদ দুলাল জানান, বন্দর কর্তৃপক্ষ ভবনগুলোর সংস্কার তো করেইনি; বরং খুবই কমসংখ্যক নিরাপত্তা রক্ষীকে দায়িত্ব দিয়েছে। ফলে এসব ভবনের বিভিন্ন মালামাল দিনের বেলায়ও চুরি হয়ে যাচ্ছে। আর ভবনগুলো খুবই ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
মংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (সম্পত্তি) হাওলাদার জাকির হোসেন বলেন, ‘সম্প্রতি আমরা ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছি। তাদের প্রতিবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে কোন কোন ভবন সংস্কার করা হবে, আর কোনটি পরিত্যক্ত ঘোষণা করা হবে।’ তিনি আরও বলেন, কয়েক বছর ধরে বন্দর লোকসানে থাকার কারণে এসব ভবন সংস্কার বা রক্ষণাবেক্ষণে কোনো বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। এখন বন্দর ধারাবাহিকভাবে লাভে থাকায় খুব দ্রুত এ খাতে বরাদ্দ দিয়ে সংস্কার করা হবে।