অযত্নে নষ্ট হচ্ছে দুই সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে দুই হাজার ৯৬৬ একরের ‘সোনাদিয়া দ্বীপ’। পর্যটকদের কাছে আকর্ষণীয় হলেও অনুন্নত যোগাযোগের কারণে সোনাদিয়াকে তেমন সাজানো সম্ভব হয়নি। প্রায় ১০০ মিটার প্রস্থ ‘দরবেশকাটা নদী’ মহেশখালীর মুল ভূখণ্ড থেকে সোনাদিয়াকে আলাদা করে রেখেছে। সরেজমিনে দেখা গেছে, মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা থেকে সোনাদিয়া দ্বীপ যাতায়াতের জন্য নদীর ওপর তৈরি করা হয়েছে প্রায় ২৭০ মিটার দৈর্ঘ্য বিশাল এক সেতু। এই সেতু থেকে উত্তর দিকে প্রায় তিন কিলোমিটার দূরে একই নদীর ওপর তৈরি করা হয়েছে প্রায় ২২০ মিটার লম্বা আরেকটি সেতু। কিন্তু সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, মানুষেরও হাঁটাচলাও নজরে পড়েনি। লোকজন পারাপার হচ্ছে নৌকা দিয়ে। অনুসন্ধানে জানা গেছে, ২০০৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই নদীর ওপর দুটি সেতু নির্মাণের জন্য প্রায় ছয় কোটি টাকা বরাদ্দ দেয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ২০০৬ সালের জুন মাসে সেতু দুটির নির্মাণকাজ শেষ করে। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেতু দুটি পড়ে থাকে টানা তিন বছর। এরপর ২০০৯ সালের জুলাই মাসে সংযোগ সড়ক নির্মাণের জন্য এলজিইডি বরাদ্দ দেয় প্রায় ৭৬ লাখ টাকা। ছয় মাস সময়সীমার মধ্যে সংযোগ সড়কটি নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আবুল কাসেম কনস্ট্রাকশনের কাজ শেষ করতে সময় লাগে ৩৪ মাস। গত ২৯ জুন সড়কটি সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হয়। কিন্তু তার পরও সেতুর ওপর দিয়ে সরাসরি যানবাহন চলাচল করতে পারছে না। কারণ সংযোগ সড়কের মধ্যে ঘটিভাঙ্গা গ্রামে মাতারখালের ওপর ৪০ মিটারের আরেকটি সেতু নির্মাণ করা দরকার। দেখা গেছে, দীর্ঘ ছয় বছর ধরে সেতু দুটি অযত্ন-অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে। লোনাপানিতে সেতুর খুঁটির নিচের অংশ ও ওপরের রেলিং মরিচা ধরে ধসে পড়ছে। সেতু দুটির দুই পাশে কয়েক কিলোমিটারের সংযোগ সড়কটিও ভেঙে যাচ্ছে। সোনাদিয়ার লবণচাষি কবির আহমদ (৪০), শাহ আলম (৪৩) ও ঘটিভাঙ্গার কৃষক আবুল মনজুর (৩৩) বলেন, সেতুর চারপাশে ১০ হাজার একরের বেশি জমিতে প্রতিবছর শত কোটি টাকার লবণ ও চিংড়ি উৎপাদিত হচ্ছে। কিন্তু সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় পানির দরে এসব বিক্রি করে দিতে হচ্ছে। ঘটিভাঙ্গার লবণচাষি কেরামত উল্লাহ (৪৪) ও শাহেদুল আলম (৪৫) বলেন, ঘটিভাঙ্গা, কুতুবজোম, হোয়ানক, পানিরছড়াসহ বিভিন্ন এলাকায় উৎপাদিত পান, মাছ, লবণ, চিংড়িসহ নানা পণ্য পরিবহনে চাষিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সমুদ্রপথে নৌকা বা ট্রলারে উৎপাদিত পণ্য পরিবহনে অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে। কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম বলেন, সারা দেশে সোনাদিয়া দ্বীপ আকর্ষণীয় পর্যটন স্পট হিসেবে পরিচিত। কিন্তু পর্যটকেরা গাড়ি নিয়ে সেখানে যেতে পারছেন না নির্মিত দুটি সেতু সচল না থাকায়। এলজিইডির উপজেলা প্রকৌশলী মোশাররফ হোসেন বলেন, আরেকটি সেতুর জন্য ছয় বছর আগে তৈরি সেতু দুটি চালু করা যাচ্ছে না। মাতারখালের ওপর প্রায় ৪০ মিটার লম্বা আরেকটি সেতু নির্মাণের জন্য প্রায় ৫০ লাখ টাকা বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন মহলে একটি প্রকল্প পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো বরাদ্দ আসেনি।