অযত্নে পড়ে আছে নাকুগাঁওয়ের গণকবর
অযত্ন ও অবহেলায় পড়ে আছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও গণকবর। ভারত-বাংলাদেশ সীমান্ত পিলার থেকে কয়েক গজ দক্ষিণে ভোগাই নদের তীরঘেঁষা ২০ শতাংশ জায়গাজুড়ে আছে অর্ধশতাধিক মানুষের এই গণকবরটি।
সরেজমিনে দেখা গেছে, নাকুগাঁও স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট আর ভারতের মেঘালয় রাজ্যের ডালুর শূন্যরেখায় অবস্থিত এই গণকবরের পূর্ব অংশ নদে ভেঙে গেছে। এখন এখানে খড় ও ধান শুকানো হচ্ছে। অথচ পাশের দেশ ভারতের সীমানার কাঁটাতার ঘেঁষে ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) নয় সদস্য স্মরণে একটি স্মৃতিফলক মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
নালিতাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা গেছে, ১৯৭১ সালের ২৫ মে পাকিস্তানি হানাদারদের একটি বড় দল ভোগাই নদ পার হয়ে ভারতের ডালু বিএসএফ ক্যাম্পসহ প্রায় দুই কিলোমিটার এলাকা ঘিরে ফেলে। এ সময় বাংলাদেশ থেকে পালিয়ে আসা হাজারো মানুষও মেঘালয় রাজ্যের বারাঙ্গাপাড়া, ডালুবাজার, চান্দুভঁই, মাছাংপানি, ছৈপানি, ডিমাপাড়াসহ বিভিন্ন এলাকায় আশ্রয় নেয়। এসব মানুষের ওপর হানাদার বাহিনী নির্বিচারে গুলিবর্ষণ করে। বিএসএফের প্রতিরোধ সত্ত্বেও হানাদারদের এক ঘণ্টার তাণ্ডবে শতাধিক বাংলাদেশি ও নয়জন বিএসএফ সদস্য নিহত হন। নিহত অনেকের লাশ নদের পানির স্রোতে ভেসে যায়। তবে তাঁদের মধ্যে যে ৫০ থেকে ৬০টি লাশ পাওয়া যায়, তাঁদের নাকুগাঁওয়ে গণকবর দেওয়া হয়। আর বিএসএফের সদস্যদের ভারতের মাটিতে সৎকার করা হয়।
নাকুগাঁও গ্রামের বাদল সাংমা বলেন, ‘ওপারে (ভারত) বিএসএফের স্মরণে অনেক আগে একটি স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে। কিন্তু আমাদের এখানে গণকবরের খোঁজ কেউ রাখে না।’ মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান জানান, নাকুগাঁওয়ের শহীদদের স্মরণে প্রশাসন ১৯৮২ সালে স্মৃতিফলক স্থাপনের জন্য সাইনবোর্ড লাগায়। কিন্তু পরে কেউ এগিয়ে আসেননি।