অযত্নে পড়ে আছে বধ্যভূমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের শাসকদের শোষণের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ১৯৭১ সালে বাংলাদেশের আপামর জনগণ মুক্তিযুদ্ধ করেছিল। ওই সময় হানাদার বাহিনী ও তাঁদের সহযোগী রাজাকার ও আলবদর বাহিনী দেশের বিভিন্ন স্থানে নিরীহ মানুষসহ মুুক্তিযোদ্ধাদের হত্যা করে। এসব মানুষকে যেসব স্থানে হত্যা করা হয়েছে, সেসব বধ্যভূমি স্বাধীনতার ৪০ বছর পরেও অযত্ন-অবহেলায় পড়ে আছে। পাবনার বেড়া, সাঁথিয়াসহ বিভিন্ন উপজেলায় এ রকম বেশ কয়েকটি বধ্যভূমি আছে, যেগুলো সংরক্ষণের অভাবে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাঁথিয়া উপজেলার শহীদনগর, করমজা, ধুলাউড়ি, বাউশগাড়ী, পাথালিয়াহাট, চৈত্রহাটি এবং বেড়া উপজেলার কাশীনাথপুর, বৃশালিখা, খানপুরা ও নগরবাড়ী এলাকায় হানাদার বাহিনী নিরীহ লোকজনকে পৈশাচিক নির্যাতন চালিয়ে হত্যা করে। এসব স্থানের মধ্যে শুধু শহীদনগরে স্বল্প পরিসরে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলেও বাকি বধ্যভূমিগুলো দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে আছে। স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, হানাদার বাহিনী ও তাদের দোসররা মুক্তিযোদ্ধা ও নিরীহ লোকজনকে হত্যার পর কাশীনাথপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন সেতুর নিচে আত্রাই নদীতে ফেলে দিত অথবা নদীর পাড়ে লাশ পুঁতে রাখত। ২০০১ সালের এপ্রিলে শ্রমিকেরা সেতুর নিচে মাটি কাটার সময় মানুষের বেশ কয়েকটি খুলি ও হাড় খুঁজে পায়। ওই ঘটনার পর থেকে স্থানীয় মুক্তিযোদ্ধারা স্থানটি বধ্যভূমি হিসেবে সংরক্ষণ ও সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়ে আসছেন। কিন্তু দীর্ঘদিনেও তেমন কোনো উদ্যোগ নেওয়া তো দূরের কথা সে স্থানটি পর্যায়ক্রমে দখল হয়ে যাচ্ছে।জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. হাবিবুর রহমান বলেন, ‘জেলার প্রতিটি উপজেলায় শহীদ মুক্তিযোদ্ধাদের নামসংবলিত একটি স্মৃতিস্তম্ভের দাবি আমাদের বহু দিনের। বিষয়টি নিয়ে আমরা বহুবার স্থানীয় প্রশাসনের সঙ্গে আলাপ করেছি। তারাও স্মৃতিস্তম্ভ করার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু কেন যে কাজটা হচ্ছে না, তা আমাদের জানা নেই।’