অযত্নে পড়ে আছে বুদ্ধমূর্তিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থাভাবে আটকে আছে ১০০ ফুট লম্বা ‘বিশ্বশান্তি সিংহশয্যা গৌতম বুদ্ধমূর্তি’র নির্মাণকাজ। কুয়াশায় ভিজে মূর্তির প্রলেপ উঠে যাচ্ছে। সরেজমিনে দেখা যায়, কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ির পাহাড়ের চূড়ায় খোলা মাঠে বিশাল মূর্তিটি অযত্ন-অবহেলায় পড়ে আছে। ওপরের অংশ উন্মুক্ত থাকায় কুয়াশায় ভিজে মূর্তির প্রলেপ উঠে যাচ্ছে। স্থানীয় স্বেচ্ছাসেবীরা এটির দেখভাল করলেও সীমানাপ্রাচীর না থাকায় এটির গোড়া থেকে মাটি সরে যাচ্ছে। ধুলাবালিতে ভরাট হয়ে যাচ্ছে ২২ ফুট চওড়া ও ৪০ ফুট উচ্চতার মূর্তিটির নানা অংশ। জানতে চাইলে এই বুদ্ধমূর্তি সৃষ্টির অন্যতম রূপকার ও ‘বিদর্শন ভাবনা কেন্দ্রে’র প্রতিষ্ঠাতা পরিচালক করুণাশ্রী থের প্রথম আলোকে বলেন, ২০০৬ সালের ১৫ অক্টোবর পাহাড়চূড়ায় ১ দশমিক ৪০ শতক জমির ওপর ১০০ ফুট লম্বা বুদ্ধমূর্তিটির নির্মাণকাজ শুরু হয়। প্রায় কোটি টাকা খরচ করে গত চার বছরে মূর্তিটির ৮০ শতাংশ কাজ সম্পন্ন করা হয়েছে। অর্থাভাবে নয় মাস ধরে নির্মাণকাজ বন্ধ রয়েছে। করুণাশ্রী থের বলেন, নির্মাণকাজ শেষ করে এটিকে পরিপূর্ণভাবে উপস্থাপন করা গেলে এটি দেখতে পর্যটকের ঢল নামত। তিনি বলেন, মূর্তিটির অবশিষ্ট কাজসহ নানা অবকাঠামো তৈরি করতে দুই কোটি ২৫ লাখ টাকার একটি প্রকল্প তৈরি করা আছে। কিন্তু অর্থাভাবে এই কাজ শুরু করা যাচ্ছে না। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মূর্তির ৮০ শতাংশ কাজ শেষ করতে যে টাকা খরচ হয়েছে, তার সবই ব্যক্তিবিশেষ ও বৌদ্ধধর্মাবলম্বীদের অনুদানে পাওয়া। এখন পর্যন্ত সরকারি অনুদান মেলেনি। তবে এক বছর আগে তৎকালীন জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ মূর্তি পরিদর্শনে যাতায়াতের জন্য ৮০ হাজার টাকা খরচ করে একটি ইটের রাস্তা তৈরি করে দিয়েছিলেন।